সূর্যবংশীকে আলাদা ড্রেসিংরুম ব্যবহার করতে হবে ইংল্যান্ডে

ইংল্যান্ড-ভারত সিরিজ
বৈভব সূর্যবংশী, বিসিসিআই
বৈভব সূর্যবংশী, বিসিসিআই
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের অন্য ক্রিকেটারদের সঙ্গে একই ড্রেসিং রুমে পোশাক পরিবর্তন করতে পারবেন না বৈভব সূর্যবংশী। ১৬ বছরের কম বয়সী খেলোয়াড়দের জন্য আইসিসি ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিরাপত্তা নীতিমালার কারণে তাকে আলাদা ড্রেসিং রুম ব্যবহার করতে হবে।

১৫ বছর বয়সী সূর্যবংশী ম্যাচের সময় ও দলীয় আলোচনা চলাকালে ভারতীয় ড্রেসিং রুমে থাকতে পারবেন। শুধু পোশাক পরিবর্তনের সময় পাঁচটি ভেন্যুতেই তাকে আলাদা কক্ষে যেতে হবে। ইংল্যান্ড সিরিজের আগে আয়ারল্যান্ডে ভারতের দুটি টি-টোয়েন্টি ম্যাচেও একই নিয়ম কার্যকর হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

ফুটবলেও এমন নিয়মের নজির আছে। আর্সেনালের তরুণ ফুটবলার ম্যাক্স ডাউম্যান গত বছরের ডিসেম্বরে ১৬ বছর পূর্ণ করার আগে পর্যন্ত সতীর্থদের থেকে আলাদা চেঞ্জিং রুম ব্যবহার করেছিলেন। গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই বিষয়ে ইসিবির বক্তব্য তুলে ধরা হয়েছে। ইসিবি বলেছে, ‘এটি আইসিসির একটি ইভেন্ট। তাই তাদের নিরাপত্তা সংক্রান্ত প্রক্রিয়া কার্যকর থাকবে এবং কোনো সুরক্ষা সংশ্লিষ্ট বিষয় তৈরি হলে সেটি আইসিসির অধীনেই দেখা হবে। পাশাপাশি ইসিবির সেফ হ্যান্ডস নীতিমালাও সব সময় কার্যকর থাকবে।’

ইসিবি আরও বলেছে, ‘আমরা যতটুকু জানি সূর্যবংশীর বাবা মা পুরো সফরে তার সঙ্গে থাকবেন। তারা একই হোটেলে থাকবেন, যা সাধারণ প্রটোকলের বাইরে। তবে তার কম বয়স বিবেচনায় বিশেষভাবে এই অনুমতি দেয়া হয়েছে। এতে পরিবারের সদস্যদের কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা ও যত্ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করা সম্ভব হবে।’

আগেই বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে ইংল্যান্ড সফরে সূর্যবংশীর বাবা ও মায়ের সকল খরচ বহন করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। এদিকে সূর্যবংশী ঘরোয়া ক্রিকেটে নিজের রাজ্য দল, আইপিএলে রাজস্থান রয়্যালস এবং সম্প্রতি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে ভারত ‘এ’ দলেও সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে খেলেছেন।

আয়ারল্যান্ড বা ইংল্যান্ডের বিপক্ষে কোনো টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামতে পারলে সূর্যবংশী হয়ে যাবেন ভারতের ইতিহাসে সবচেয়ে কম বয়সী অভিষিক্ত ক্রিকেটার। তিনি ভেঙে দেবেন শচিন টেন্ডুলকারের ১৬ বছর ২০৫ দিনে অভিষেকের রেকর্ড।

আরো পড়ুন: