চোটের কারণে মেজর লিগ থেকে ছিটকে গেলেন বার্গার

মেজর লিগ ক্রিকেট
নান্দ্রে বার্গার
নান্দ্রে বার্গার
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
পুরনো পিঠের চোটের কারণে মেজর লিগ ক্রিকেট থেকে ছিটকে গেছেন সাউথ আফ্রিকার পেসার নান্দ্রে বার্গার। জানা গেছে পিঠের পুরোনো স্ট্রেস রিঅ্যাকশনের সমস্যা আবার ফিরে এসেছে তার। চলতি আসরে টেক্সাস সুপার কিংসের হয়ে খেলছিলেন বার্গার। এর মধ্যেই পেয়েছেন দুঃসংবাদ।

বার্গারের ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছে তার ফ্যাঞ্চাইজি। তারা জানায়, স্ক্যানে তার পিঠের আগের স্ট্রেস রিঅ্যাকশনের সমস্যা ধরা পড়েছে। ফলে দীর্ঘ সময় বিশ্রাম ও পুনর্বাসনের মধ্য দিয়ে যেতে হবে তাকে। এ কারণেই এবারের আসরে আর মাঠে নামা হচ্ছে না তার।

বার্গারের জায়গায় দলে নেয়া হয়েছে সাউথ আফ্রিকার অলরাউন্ডার ডিয়ান ফরেস্টারকে। চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। এখন পর্যন্ত পাঁচটি টি-টোয়েন্টি খেলেছেন ফরেস্টার। ৩৯টি টি-টোয়েন্টিতে ১৪ উইকেট নিয়েছেন তিনি।

সম্প্রতি সাউথ আফ্রিকা ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড সফর করেছেন ফরেস্টার। এর আগে এসএ টোয়েন্টিতে জোবার্গ সুপার কিংস এবং আইপিএল চেন্নাই সুপার কিংসের দলে ছিলেন তিনি। আইপিএলে জেমি ওভারটনের বদলি হিসেবে দলে জায়গা পেয়েছিলেন এই অলরাউন্ডার।

এদিকে বার্গার এমএলসিতে দুটি ম্যাচ খেলেছেন। সিয়াটল অরকাসের বিপক্ষে প্রথম ম্যাচে চার ওভারের কোটা পূর্ণ করেন তিনি। পরে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের বিপক্ষে দুই ওভার বল করে ফিন অ্যালেনের উইকেট নেন। তবে পরের ম্যাচের আগে তার বদলি হিসেবে একাদশে জায়গা নেন অ্যাডাম মিলনে।

চোটের সঙ্গে বার্গারের লড়াই অবশ্য নতুন নয়। ২০২৪ সালের অক্টোবরে কোমরের স্ট্রেস রিঅ্যাকশনের কারণে আয়ারল্যান্ড সিরিজ এবং বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে যান তিনি। একই চোটের কারণে এসএ টোয়েন্টিতেও খেলতে পারেননি তিনি।

আরো পড়ুন: