‘এখন আর কেউ স্বস্তিতে নেই’, বাজবল নেতৃত্ব নিয়ে নাসের

ইংল্যান্ড ক্রিকেট
নাসের হুসেইন, ফাইল ফটো
নাসের হুসেইন, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সবশেষ অ্যাশেজে ভরাডুবির পর থেকেই ইংল্যান্ডের 'বাজবল' নতুন করে সমালোচনার মুখে। মাঠে বাজে পারফরম্যান্সের সাথে যোগ হয়েছে মাঠের বাইরের নানান বিতর্ক। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইনের মতে, সাম্প্রতিক সময়ে মাঠের ভেতর ও বাইরে একের পর এক বিতর্ক এবং হতাশাজনক পারফরম্যান্সের কারণে ‘বাজবল’ যুগের নেতৃত্ব এখন বড় চাপের মুখে। ক্রিকেট পরিচালক রব কি, প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম এবং টেস্ট অধিনায়ক স্টোকস, এই ত্রয়ীর অবস্থান এখন আর আগের মত নেই বলেই মনে করেন তিনি।

ওভালে দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের কাছে ২৫৩ রানের বড় ব্যবধানে হারের আগে নাইটক্লাব-সংক্রান্ত বিতর্কে জড়িয়ে স্টোকস ও গাস অ্যাটকিনসনের বিরুদ্ধে তদন্ত চলায় তাদের দ্বিতীয় টেস্টে একাদশের বাইরে রাখা হয়েছিল। এই ঘটনায় ইংল্যান্ড শিবিরে অস্থিরতা তৈরি হয়েছিল। সেই প্রেক্ষাপটে দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছেন নাসের।

ইংলিশ গণমাধ্যম দ্য অ্যাথলেটিকে লেখা নিজের কলামে তিনি বলেন, 'গত এক বছরে এত বেশি ভুল হয়েছে যে রব কি, ব্রেন্ডন ম্যাককালাম এবং বেন স্টোকস এখন নিজেদের দায়িত্বে পুরোপুরি স্বস্তিতে থাকতে পারেন না। তৃতীয় টেস্টের আগে তারা সবাই প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে।'

ইংল্যান্ড দলের খেলা উপভোগ করলেও নেতৃত্বের সমালোচনা করেছেন নাসের। তার মতে, সময়ের সঙ্গে সঙ্গে দলটি খেলার খুঁটিনাটির প্রতি মনোযোগ হারিয়েছে এবং তা দলের পারফরম্যান্সে প্রভাব ফেলছে।

নাসের লিখেছেন, 'আমি এই ইংল্যান্ড দলকে খেলতে দেখে আনন্দ পেয়েছি। কিন্তু সময় যত গড়িয়েছে, ততই বিস্তারিত বিষয়গুলোর প্রতি মনোযোগ কমেছে এবং দলটি কম গুরুতর হয়ে উঠেছে। এটি ভালো নেতৃত্বের অভাব থেকেই এসেছে। এই তিনজনই নিজেদের ভূমিকায় কিছুটা দুর্বল হয়ে পড়েছেন।'

যদিও এই ত্রয়ীর মধ্যে সবচেয়ে কম চাপের মধ্যে আছেন স্টোকস বলেও মনে করেন সাবেক এই অধিনায়ক। নাইটক্লাব বিতর্কের কারণে দ্বিতীয় টেস্টে না খেললেও সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে আবারও অধিনায়ক হিসেবে ফিরছেন তিনি।

নাসেরের ভাষায়, 'যদি জিজ্ঞেস করা হয় সবচেয়ে কম চাপ কার ওপর, তাহলে আমি এখনো স্টোকসের নামই বলব। তার ঝুলিতে সবচেয়ে বেশি কৃতিত্ব জমা আছে। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক হিসেবে তাকে দেখে আমার ভালো লাগে। এই ডাটা-নির্ভর যুগেও তার সিদ্ধান্ত নেওয়ার নিজস্ব অনুভূতি আছে, খেলার গভীর বোঝাপড়া আছে। পাশাপাশি রয়েছে আবেগীয় বুদ্ধিমত্তা ও অসাধারণ নেতৃত্বগুণ।'

আরো পড়ুন: