২৩ বছর বয়সী এই অলরাউন্ডারকে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের টি-টোয়েন্টি এবং ওয়ানডে দলে ভারতের প্রধান পেস বোলিং অলরাউন্ডার হিসেবে বিবেচনা করা হয়েছিল। নিয়মিত অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এখনও চোটের কারণে দলের বাইরে থাকায় রেড্ডির ওপরই বাড়তি দায়িত্ব দেওয়ার পরিকল্পনা ছিল নির্বাচকদের।
সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভারতের হয়ে দুটি ম্যাচ খেলেন রেড্ডি। ধর্মশালায় নিজের ক্যারিয়ারের প্রথম ওয়ানডে উইকেটও শিকার করেন তিনি। তবে লক্ষ্মৌতে দ্বিতীয় ওয়ানডের আগে কোয়াড্রিসেপস পেশিতে সমস্যার কারণে দল থেকে ছিটকে যান। সে সময় অধিনায়ক শুভমান গিল জানিয়েছিলেন, রেড্ডি কোয়াড ইনজুরিতে ভুগছেন। যদিও চেন্নাইয়ে সিরিজের শেষ ম্যাচে তিনি দলে ফিরেছিলেন এবং ছয় ওভারে ৪২ রান দিলেও কোনো উইকেট পাননি।
গত এক বছরে একের পর এক চোটে জর্জরিত হয়েছেন রেড্ডি। ফিটনেস সমস্যার কারণে এবারের আইপিএ্লে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৩ ম্যাচে মাত্র পাঁচ ওভার বল করতে পেরেছিলেন। পরে হাঁটুর চোটে ইংল্যান্ড সফরের মাঝপথেই ভারতের টেস্ট দল থেকেও ছিটকে যান।
আইপিএল ২০২৬ চলাকালে সানরাইজার্সের বোলিং কোচ জেমস ফ্র্যাঙ্কলিন জানিয়েছিলেন, ফিটনেস উন্নয়নে কঠোর পরিশ্রম করছেন রেড্ডি এবং নিজের বোলিংয়ের গতি ও ওয়ার্কলোডও বাড়িয়েছেন। ফলে ছন্দে ফেরার ঠিক এই সময়ে নতুন চোটটি তার জন্য বড় ধাক্কা হয়ে এসেছে।
এখন আরও বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার জন্য রেড্ডিকে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্সে পাঠানো হবে। সেখানকার মূল্যায়নের পরই তার চোটের ধরন এবং মাঠে ফেরার সম্ভাব্য সময় সম্পর্কে চূড়ান্ত ধারণা পাওয়া যাবে।