ঘরোয়া ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন কোলস। এদিকে বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পরও দলে জায়গা ধরে রেখেছেন অভিজ্ঞ ব্যাটার জস বাটলার। আসরের আট ইনিংসে মাত্র ৮৭ রান করায় তার আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছিল।
যদিও নির্বাচকদের আস্থা হারাননি ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার। বিশ্বকাপের দল থেকে এবার বাদ পড়েছেন বেন ডাকেট। চোটের কারণে সুযোগ হয়নি জেমি ওভারটনের। অন্যদিকে আগের বিশ্বকাপ দলে না থাকা জর্ডান কক্স, সনি বেকার ও সাকিব মাহমুদকে ফেরানো হয়েছে টি-টোয়েন্টি দলে।
২২ বছর বয়সী কোলস টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ৬১ ইনিংসে এক হাজার ৩৭৩ রান করেছেন। তার গড় ২৮.৬০ এবং স্ট্রাইক রেট ১৪৬.৩৭। এই সংস্করণে তার অর্ধশতক রয়েছে সাতটি। পাশাপাশি বল হাতেও ৫৯ ইনিংসে শিকার করেছেন ৫৩ উইকেট।
সাসেক্সের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় কোলসের। মাত্র ১৬ বছর ১৫৭ দিন বয়সে শুরু হওয়া তার যাত্রায় এখন পর্যন্ত ৫৮ ম্যাচে রয়েছে ৯টি শতক। সম্প্রতি খেলেছেন অপরাজিত ডাবল সেঞ্চুরির ইনিংসও। চলতি বছরের শুরুতে ‘দ্য হান্ড্রেড’-এর নিলামে সবচেয়ে বেশি মূল্য পাওয়া ক্রিকেটারও ছিলেন তিনি।
টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন হ্যারি ব্রুক। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্ট শেষ হওয়ার পর খুব অল্প সময়ের ব্যবধানে তাকে টি-টোয়েন্টি সিরিজে যোগ দিতে হবে। এ ছাড়াও টেস্ট দলে থাকা রেহান আহমেদ, জফরা আর্চার, জ্যাকব বেথেল, জর্ডান কক্স ও জশ টাংও জায়গা পেয়েছেন ভারতের বিপক্ষে ঘোষিত দলে।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জফরা আর্চার, সনি বেকার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, জেমস কোলস, জর্ডান কক্স, স্যাম কারান, লিয়াম ডসন, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, আদিল রাশিদ, ফিল সল্ট, জশ টাং ও লুক উড।