আবারও আইসিসির মাসসেরা মুশফিক

প্লেয়ার অব দ্য মান্থ
মুশফিকুর রহিম
মুশফিকুর রহিম
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন মুশফিকুর রহিম। অন্যদিকে ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে ধারাবাহিক নৈপুণ্য দেখিয়ে নারী ক্রিকেটারদের মধ্যে মাসসেরা হয়েছেন ইংল্যান্ডের পেসার লরেন বেল।

এর আগে ২০২১ সালের মে মাসেও আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন মুশফিক। এবার তিনি সতীর্থ তাইজুল ইসলাম ও নেপালের অলরাউন্ডার দীপেন্দ্র সিং আইরিকে পেছনে ফেলে এই সম্মান অর্জন করেন। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে সিরিজ সেরা হওয়ার পরই মাসসেরার দৌড়ে এগিয়ে যান তিনি।

পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে ৬৩.২৫ গড়ে তিনি করেন ২৩৫ রান। ঢাকায় প্রথম টেস্টের প্রথম ইনিংসে খেলেন গুরুত্বপূর্ণ ৭১ রানের ইনিংস। এরপর সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে করেন ১৩৭ রান। তার এই পারফরম্যান্সের সুবাদে দুই টেস্টের সিরিজে জয় পায় বাংলাদেশ।

পুরস্কার জয়ের পর মুশফিকুর রহিম বলেন, ‘আবারও আইসিসির মাস সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়া আমার জন্য অনেক বড় সম্মানের। বিশেষ করে টেস্ট ক্রিকেটে পারফরম্যান্সের জন্য এই স্বীকৃতি পাওয়ায় আমি বেশি আনন্দিত। আমার সতীর্থ তাইজুলও পাকিস্তানের বিপক্ষে আমাদের স্মরণীয় সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই জয় আমাদের সবার কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।’

তিনি আরও বলেন, ‘এই জয়ের ফলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়ও আমরা এগিয়ে যেতে পেরেছি, যা দলের জন্য এই অর্জনকে আরও বিশেষ করে তুলেছে। আমি আমার সতীর্থ ও সহায়ক দলের সদস্যদের সমর্থনের জন্য কৃতজ্ঞ। আগামী মাসগুলোতে বাংলাদেশের সাফল্যে আরও বেশি অবদান রাখতে মুখিয়ে আছি।’

আরো পড়ুন: