এসি রুম ছেড়ে মাঠে কাজ করতে সাবেকদের আহ্বান জানালেন আকিব জাভেদ

পাকিস্তান ক্রিকেট
আকিভ জাভেদ
আকিভ জাভেদ
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
মাঠের পারফরম্যান্স মোটেই ভালো যাচ্ছে না পাকিস্তান দলের। কদিন আগেই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হেরেছে দলটি। যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজে ঘুরে দাঁড়িয়েছে দলটি। তবে সাবেক ক্রিকেটারদের সমালোচনা থামছে না। তারা বাংলাদেশকে টেনে পাকিস্তানের ক্রিকেটারদের সমালোচনা করছেন নিয়মিত।

পাকিস্তান দলের নির্বাচক আকিব জাভেদ সাবেক ক্রিকেটারদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন। তিনি তাদের ‘এয়ার কন্ডিশনড রুম’ ছেড়ে মাঠে নেমে ক্রিকেটের উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন। সাবেক এই টেস্ট পেসার অভিযোগ করেন, অবসরপ্রাপ্ত অনেক ক্রিকেটার নিয়মিত টেলিভিশনে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং জাতীয় দলের সমালোচনা করছেন।

জাভেদের মতে, নিয়মিত সমালোচনা করা গণমাধ্যমের কাজ, কিন্তু যাদের অভিজ্ঞতা ও দক্ষতা রয়েছে, তাদের উচিত আগামী প্রজন্মের ক্রিকেটারদের গড়ে তোলার কাজে অংশ নেওয়া। একটি টিভি চ্যানেলে জাভেদ বলেন, ‘এই সাবেক ক্রিকেটাররা কেন নিজেদের শহর ও এলাকায় গিয়ে প্রতিভা খুঁজে বের করা, তাদের গড়ে তোলা এবং প্রশিক্ষণ দেয়ার কাজ করেন না?’

তিনি আরও বলেন, ‘মাঠ পর্যায়ে তরুণদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করে খেলার উন্নতি নিশ্চিত করাই তাদের দায়িত্ব।’ পিসিবির হাই পারফরম্যান্স সেন্টারের ডিরেক্টর অব ডেভেলপমেন্ট হিসেবে দায়িত্ব পালন করা জাভেদ টেলিভিশনে একই ধরনের সমালোচনার গুরুত্ব কম বলে মনে করেন।

অনেক পাকিস্তানি সাবেক ক্রিকেটার মনে করেন নির্বাচকরা পাকিস্তানের প্রতিভার যোগ্য নির্বাচন করছেন না। তবে এই বিষয়টি উড়িয়ে দিয়েছেন জাভেদ। তিনি মনে করেন এখন সামনে থেকে ম্যাচ দেখার কোনো প্রয়োজন পড়ে না। তাদের কাছে সব তথ্য উপাত্ত থাকে, ভিডিও থাকে। সেগুলো দেখেই দল নির্বাচন করা সম্ভব।

তিনি বলেন, ‘দেশীয় এবং বয়সভিত্তিক ক্রিকেটের সব ম্যাচের ভিডিও, তথ্য ও বিশ্লেষকদের প্রতিবেদন আমাদের কাছে থাকে। আমরা কম্পিউটারের মাধ্যমেই কার্যকরভাবে প্রতিভাবান ক্রিকেটারদের পর্যবেক্ষণ করতে পারি। গঠনমূলক অবদান রাখতে পিসিবির কোনো পদে থাকা বাধ্যতামূলক নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো খেলাটির উন্নতির জন্য আন্তরিক প্রচেষ্টা করা।’

আরো পড়ুন: