নির্দোষ প্রমাণিত হয়ে দলে ফিরলেন অধিনায়ক স্টোকস

ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজ
বেন স্টোকস, ফাইল ফটো
বেন স্টোকস, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
তদন্তে নির্দোষ প্রমাণিত হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে ফিরছেন বেন স্টোকস। লন্ডনের একটি নাইটক্লাব-সংক্রান্ত ঘটনার জেরে দ্বিতীয় টেস্টে নিষিদ্ধ থাকা স্টোকস ও গাস অ্যাটকিনসনকে নিয়ে চলমান তদন্তের ফল প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সেই তদন্ত প্রতিবেদন অনুযায়ী, দুই ক্রিকেটারই নির্দোষ হওয়ায় তাদের নিয়েই সিরিজ নির্ধারণী শেষ টেস্টের দল ঘোষণা করেছে ইংল্যান্ড।

প্রথম টেস্টে জয়ের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় দ্বিতীয় টেস্টের জন্য বিবেচনায় রাখা হয়নি স্টোকস ও অ্যাটকিনসনকে। তবে শৃঙ্খলাবিষয়ক শুনানি শেষ হওয়ার পর ইসিবি জানায়, নাইটক্লাবের সহিংস ঘটনায় দুই ক্রিকেটারের কোনো দায় নেই।

তদন্তে উঠে এসেছে, লন্ডনের একটি নাইটক্লাবে সারাসেন্স রাগবি দলের খেলোয়াড় টোটোয়া আউভার সঙ্গে সংঘর্ষের ঘটনায় স্টোকসের কোনো সম্পৃক্ততা ছিল না। বরং অ্যাটকিনসন বিনা উসকানিতে হামলার শিকার হয়েছিলেন এবং তিনি কোনো পাল্টা প্রতিক্রিয়া দেখাননি।

বোর্ডের বিবৃতিতে বলা হয়, 'স্টোকস ওই সংঘর্ষে জড়িত ছিলেন না এবং ঘটনাটি দেখেননি। আমাদের হাতে থাকা প্রমাণ বলছে, অ্যাটকিনসন বিনা উসকানিতে হামলার শিকার হয়েছিলেন এবং কোনো পর্যায়েই প্রতিশোধমূলক আচরণ করেননি।'

তবে দুজনই ইংল্যান্ড ক্রিকেটের খেলোয়াড়দের জন্য নির্ধারিত আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে মনে করে ইসিবি। এজন্য দ্বিতীয় টেস্টে তাদের নির্বাচনের বাইরে রাখা হয়েছিল এবং লিখিত সতর্কবার্তাও দেওয়া হয়েছে।

দ্বিতীয় টেস্ট শেষে ইংল্যান্ডের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম বলেন, 'কোনো ঘটনার মূল্যায়নের সময় মানুষ ভিন্নভাবে বিষয়গুলো দেখে। আমি শুরু থেকেই বেনের সঙ্গে নিয়মিত কথা বলেছি এবং তাকে সমর্থন দেওয়ার চেষ্টা করেছি। তার আচরণে আমি হতাশ হয়েছিলাম, কারণ আমরা নিজেদের জন্য যে মানদণ্ড ঠিক করেছি, তা পূরণ করতে পারিনি। তবে মানুষ আর তার কাজকে আলাদা করে দেখতে হয়।'

তিনি আরও বলেন, 'নিয়ম অনুযায়ী তদন্ত ও শৃঙ্খলাজনিত প্রক্রিয়া সম্পন্ন করা জরুরি ছিল। এখন আমরা সামনে তাকাতে চাই। নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ আমাদের সামনে রয়েছে। সেটি করতে পারলে সাম্প্রতিক কঠিন সময়ের পর এটি বড় অর্জন হবে।'

এদিকে, সাম্প্রতিক সময়ে স্টোকস ও ম্যাককালামের সম্পর্ক নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছিল, তা উড়িয়ে দিয়েছেন দুজনই। ২০২২ সাল থেকে কোচ-অধিনায়ক হিসেবে একসঙ্গে কাজ করা এই জুটি ভবিষ্যতেও একই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চান বলে জানিয়েছেন ম্যাককালাম।

তিনি বলেন, 'চার বছর ধরে আমরা একসঙ্গে কাজ করছি। অনেক সাফল্য পেয়েছি, আবার কিছু ক্ষেত্রে ব্যর্থও হয়েছি। নেতৃত্বের জায়গায় থাকলে কঠিন আলোচনা হবেই। আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ রয়েছে। আমি সবসময় বেনকে সমর্থন করেছি এবং ভবিষ্যতেও করব। আমি নিশ্চিত, আমরা আবারও এই দলকে এগিয়ে নিতে একসঙ্গে ভালোভাবে কাজ করতে পারব।'

ওভালে দ্বিতীয় টেস্টে হারের পর দলে আরও কিছু পরিবর্তন এনেছে ইংল্যান্ড। অভিষিক্ত জেমস রিউ ও সনি বেকারকে বাদ দেওয়া হয়েছে। ইনজুরিগ্রস্ত অলি রবিনসনের বিকল্প হিসেবে দলে থাকা হেনরি ক্রোকম্বও জায়গা হারিয়েছেন। পিতৃত্বকালীন ছুটিতে দ্বিতীয় টেস্ট মিস করা উইকেটরক্ষক জেমি স্মিথের একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে।

ইংল্যান্ডের তৃতীয় টেস্টের দল: বেন স্টোকস (অধিনায়ক), রেহান আহমেদ, জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, জর্ডান কক্স, বেন ডাকেট, ম্যাথিউ ফিশার, এমিলিও গে, অলি রবিনসন, জো রুট, জেমি স্মিথ ও জশ টাং।

আরো পড়ুন: