টেস্ট প্রত্যাবর্তন নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন কোহলি

ভারত ক্রিকেট
বিরাট কোহলি, ফাইল ফটো
বিরাট কোহলি, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন এক বছরেরও বেশি সময় আগে। তারও আগে টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়িয়েছিলেন। বর্তমানে শুধু এক দিনের ক্রিকেটেই দেখা যায় বিরাট কোহলিকে। তবে সম্প্রতি তাকে ঘিরে নতুন করে টেস্টে ফেরার আলোচনা শুরু হয়েছিল। সেই জল্পনার অবসান ঘটিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ভারতের সাবেক অধিনায়ক।

দিল্লিতে নিজ প্রতিষ্ঠানের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোহলি। সেখানে প্রতিষ্ঠানের নতুন একটি জুতার মূল্য নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ২৩০ রুপি। কাকতালীয়ভাবে টেস্ট ক্রিকেটে কোহলির মোট রানসংখ্যাও ৯ হাজার ২৩০। বিষয়টি সামনে এনে সঞ্চালক জানতে চান, এই সংখ্যার সঙ্গে কোনো বিশেষ বার্তা জড়িয়ে আছে কি না, কিংবা টেস্টে ফেরার কোনো পরিকল্পনা আছে কি না।

প্রশ্নের জবাবে হাস্যরসের সুরে কোহলি বলেন, 'দরকার হলে আমি কম দামেও বিক্রি করতে রাজি। কিন্তু টেস্ট থেকে পুরোপুরি অবসর নিয়েছি।'

কয়েক সপ্তাহ আগে এক সাক্ষাৎকারে টেস্ট ক্রিকেটে নিজের দীর্ঘ যাত্রা ও নেতৃত্বের সময়কার স্মৃতি নিয়ে কথা বলেছিলেন কোহলি। তিনি বলেন, 'অনেক দিন টেস্ট খেলেছি। ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছি। বেশ কিছু দুর্দান্ত জয় পেয়েছিলাম আমরা। আমার মনে হয়, আমাদের টেস্ট ক্রিকেটের একটা সোনালি অধ্যায় ছিল সেটা।'

চেতেশ্বর পুজারা, অজিঙ্ক রাহানে, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজাদের সঙ্গে গড়ে ওঠা সেই দলকে ভারতের টেস্ট ইতিহাসের অন্যতম সফল অধ্যায় বলেও উল্লেখ করেন তিনি।

সেই সময়ের দল নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে কোহলি বলেন, 'তখন আমাদের দলে এমন সব তরুণ ক্রিকেটার ছিল, যারা টেস্ট ক্রিকেট খেলতে চাইত। আমরা সকলে তরুণ বয়সেই জীবনের সেরা সুযোগটা পেয়েছি। আমাদের মধ্যে বয়সের পার্থক্য খুব বেশি ছিল না।'

কোহলির মতে, দলের সাফল্যের বড় কারণ ছিল ক্রিকেটারদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও দায়িত্ব ভাগ করে নেয়ার মানসিকতা। তার ভাষায়, 'আমরা দায়িত্ব, অভিজ্ঞতা সব ভাগ করে নিতাম। বিদেশের মাটিতেও আমরা প্রচুর সাফল্য পেয়েছি।'

ভারতের টেস্ট দলের নেতৃত্বে কোহলির যাত্রা শুরু হয়েছিল ২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরে। চোটের কারণে মহেন্দ্র সিং ধোনি খেলতে না পারায় সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পান তিনি। পরে পূর্ণকালীন অধিনায়ক হয়ে দীর্ঘ সময় দলকে নেতৃত্ব দেন এবং ভারতের টেস্ট ক্রিকেটকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

আরো পড়ুন: