মার্শের পরামর্শেই সফল অভিষিক্ত ডেভিস

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
জোয়েল ডেভিস, ক্রিকফ্রেঞ্জি
জোয়েল ডেভিস, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
অভিষেক ম্যাচেই বল হাতে অস্ট্রেলিয়ার জয়ের অন্যতম নায়ক জোয়েল ডেভিস। বাংলাদেশের বিপক্ষে নিজের প্রথম ম্যাচেই এই স্পিনার নিয়েছেন ৩ উইকেট। পাশাপাশি ৩টি উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পাও। মূলত এই দুই স্পিনারই বাংলাদেশের ব্যাটিন লাইনআপ ধসিয়ে দিয়েছেন।

অভিষেকেই এমন পারফরম্যান্স করতে পেরে দারুণ আনন্দিত জোয়েল। তিনি এমন পারফরম্যান্সের কৃতিত্ব অধিনায়ক মিচেল মার্শকে দিয়েছেন। তিনি জানিয়েছেন মাঠের যে অংশের সীমানা বড় সেই অংশেই ব্যাটারদের শট খেলার জন্য প্রলুব্ধ করেছেন তিনি। আর তাতেই সফল হয়েছেন। বাংলাদেশের ব্যাটাররা সেই ফাঁদেই পা দিয়েছেন।

এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে জোয়েল বলেন, 'আমার মনে হয় বাংলাদেশে মাঠগুলো অস্ট্রেলিয়ার তুলনায় বেশ ছোট। তাই মাঠের যেসব অংশ একটু বড় ছিল, সেগুলোকে আমাকে নিজের সুবিধার জন্য কাজে লাগাতে হয়েছে। আর বাতাসও বড় বাউন্ডারির বিপরীতে বইছিল। মিচের পরিকল্পনাই ছিল ব্যাটারদের ওই বড় বাউন্ডারির দিকে শট খেলতে বাধ্য করা। সেই পরিকল্পনা থেকে আমি দুটি উইকেট পেয়েছি, তাই এটা তার দারুণ একটি পরিকল্পনা ছিল।'

ব্যাট হাতে নেমে শেষ পর্যন্ত ৬ বলে ৭ রান করে অপরাজিত ছিলেন জোয়েল। অস্ট্রেলিয়ার যখন নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছিল তখন সাইড লাইনে বসে নার্ভাস ছিলেন ডেভিস। তবে ম্যাচ শেষ করে আসতে পেরে দারুণ খুশি তিনি। মাঠে থেকে অস্ট্রেলিয়ার জয় উদযাপন করতে পেরেছেন তাতেই খুশি ডেভিসের।

তিনি বলেন, 'আমি অবশ্যই আশা করছিলাম আমার আগে যারা ব্যাট করতে গিয়েছিল, তারা কাজটা শেষ করে দেবে। কারণ আমি সাইডলাইনে বসে বেশ নার্ভাস ছিলাম। তবে মাঠে গিয়ে অপরাজিত থেকে ম্যাচ শেষ করতে পারাটা ভালো অনুভূতি ছিল। যদিও আমি জয় সূচক রানটি করিনি, তারপরও মাঠে থেকে জয়ের মুহূর্তটা উদযাপন করতে পারা আমার এবং জেভিয়ারের জন্য দারুণ ছিল।'

অস্ট্রেলিয়ার হয়ে খেলার স্বপ্ন নিয়ে ডেভিস যোগ করেন, 'আমার মনে হয়েছিল এখানে এসে উইকেট হয়তো আরও একটু বেশি স্পিন করবে, যদিও বাস্তবে তেমনটা হয়নি। তবে তারপরও উইকেট থেকে যথেষ্ট সহায়তা পেয়েছি। ছোটবেলা থেকেই যেকোনো ফরম্যাটে অস্ট্রেলিয়ার হয়ে খেলার স্বপ্ন ছিল। তাই আজ সেই স্বপ্ন পূরণ করতে পারাটা আমার জন্য বিশাল এক অর্জন।'

আরো পড়ুন: