ভারতের কর্ণাটক রাজ্যের ভাটকাল এলাকার বাসিন্দা সাফওয়ান রবিবার (১৪ই জুন) সকালে সাপ্তাহিক ক্রিকেট ম্যাচে ব্যাটিং করার সময় স্থানীয় সময় সকাল ৭টা ১০ মিনিটের দিকে হঠাৎ করে মাঠে পড়ে যান এবং জ্ঞান হারান। সঙ্গে সঙ্গে তার সতীর্থরা ছুটে এসে প্রাথমিক চিকিৎসা ও সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) প্রয়োগ করেন। পরে অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার আগে তার মধ্যে কোনো ধরনের শারীরিক অসুস্থতা বা অস্বাভাবিকতার লক্ষণ ছিল না বলে জানিয়েছেন ঘনিষ্ঠ বন্ধুরা। মৃত্যুর আগের সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে দুবাইয়ের ওয়াটারফ্রন্ট মার্কেটে মাছ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে গিয়েছিলেন তিনি। এরপর যথারীতি পরদিনের ক্রিকেট ম্যাচের প্রস্তুতি নিয়েছিলেন।
সাফওয়ানের ঘনিষ্ঠ বন্ধু নাবিল কারিকাল, যিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, 'আমরা বহু বছর ধরে প্রতি রোববার সকালে ক্রিকেট খেলি। শনিবার সন্ধ্যায় আমরা একসঙ্গে বাজারে গিয়েছিলাম। সে পুরোপুরি সুস্থ ও স্বাভাবিক ছিল। পরদিন সকালে একই গাড়িতে করে মাঠে যাই। কোথাও কোনো সমস্যা মনে হয়নি।'
তিনি আরও বলেন, 'ব্যাটিং করার সময় হঠাৎ করেই সাফওয়ান মাটিতে পড়ে যায় এবং অচেতন হয়ে পড়ে। আমরা সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডাকি। সিপিআর দেওয়া হয় এবং দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে জানতে পারি, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।'
প্রায় দেড় দশক আগে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান সাফওয়ান। সেখানে তিনি স্থানীয় ক্রিকেট অঙ্গনের পরিচিত মুখ হয়ে উঠেছিলেন এবং বিভিন্ন দল ও টুর্নামেন্টে নিয়মিত অংশগ্রহণ করতেন। তার আকস্মিক মৃত্যুতে বন্ধু, সতীর্থ ও প্রবাসী সম্প্রদায়ের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন।