আইপিএল মাতিয়ে ভারতের ‘এ’ দলে সূর্যবংশী

ত্রিদেশীয় সিরিজ
বিসিসিআই
বিসিসিআই
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আইপিএলে মারকাটারি ব্যাটিংয়ে চার-ছক্কার বন্যা বইয়ে দিচ্ছেন সূর্যবংশী। জসপ্রিত বুরাহ, জশ হ্যাজেলউড, প্যাট কামিন্সদের মতো বোলারদের প্রথম বলেই ছক্কা মেরে সবাইকে চমকে দিয়েছেন। দুনিয়ার সেরা বোলারদের বিপক্ষে তাণ্ডব চালানোয় বাঁহাতি ওপেনারকে ভারতের টি-টোয়েন্টি দলে খেলানোর পরামর্শ দিয়েছেন ভারতের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার। জাতীয় দলের আগে অবশ্য ভারত ‘এ’ দলে সুযোগ মিলল তার।

শ্রীলঙ্কায় হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের জন্য ঘোষিত ভারতের ‘এ’ দলে রাখা হয়েছে সূর্যবংশীকে। আইপিএলের সবশেষ আসরে গুজরাট টাইটান্সের বিপক্ষে ৩৮ বলে ১০১ রানের ইনিংস খেলেছিলেন। সেঞ্চুরি করেছেন এবারও। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৩৭ বলে করেছেন ১০৩ রান। গত যুব বিশ্বকাপেও ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন। ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৮০ বলে খেলেছিলেন ১৭৫ রানের ইনিংস।

বয়সে তরুণ হলেও এমন দানবীয় পারফরম্যান্সে জাতীয় দলের পথ সুগম করছেন সূর্যবংশী। যার শুরুটা হচ্ছে ভারত ‘এ’ দল দিয়ে। ত্রিদেশীয় সিরিজে ভালো করতে পারলে কপাল খুলতে পারে জাতীয় দলেরও, সুযোগ মিলতে পারে টি-টোয়েন্টি দলে। ত্রিদেশীয় সিরিজে ভারত ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন তিলক ভার্মা। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলা বাঁহাতি ব্যাটার খেলেছেন ভারতের হয়েও।

ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারত দলের সদস্যও ছিলেন তিলক। সহ-অধিনায়ক হিসেবে থাকছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ। যদিও সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ছন্দে নেই তিনি। এ ছাড়া পাঞ্জাব কিংসের দুই ওপেনার প্রিয়ানশ আরিয়া ও প্রভসিমরান সিং সুযোগ পেয়েছেন। আনশুল কাম্বোজ ও আয়ুশ বাদোনির মতো ক্রিকেটারদেরও ডাকা হয়েছে।

এ ছাড়া আইপিএলে ভালো করে সুযোগ পেয়েছেন নিশান্ত সিন্ধু, হার্শ দুবে, সুরিয়ানশ শেডজে, কুমার কুসার্গ, ভিপরাজ নিগাম, ইয়াশ ঠাকুর, যুধবীর সিং ও আরশাদ খান। ৯ জুন শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ভারত ছাড়াও সেখানে আছে শ্রীলঙ্কা ‘এ’ দল ও আফগানিস্তান ‘এ’ দল। ২১ জুন হবে সিরিজের ফাইনাল।

ভারত ‘এ’ দল— তিলক ভার্মা, প্রিয়ানশ আরিয়া, বৈভব সূর্যবংশী, রিয়ান পরাগ (সহ-অধিনায়ক), আয়ুশ বাদোনি, নিশান্ত সিন্ধু, হার্শ দুবে, সুরিয়ানশ শেডজে, প্রভসিমরান সিং, কুমার কুসার্গ, ভিপরাজ নিগাম, ইয়াশ ঠাকুর, যুধবীর সিং, আনশুল কাম্বোজ, আরশাদ খান।

আরো পড়ুন: