২০২৭ বিশ্বকাপে খেলতে চান মিচেল স্টার্ক

অস্ট্রেলিয়া ক্রিকেট
মিচেল স্টার্ক,ফাইল ফটো
মিচেল স্টার্ক,ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর গত সপ্তাহেই মাঠে ফিরেছেন মিচেল স্টার্ক। ৩৬ বছর বয়সী এই পেসার ক্যারিয়ারে জিতেছেন সম্ভাব্য সব কিছুই। তবুও আরো লম্বা সময় অস্ট্রেলিয়ার হয়ে মাঠে নামার স্বপ্ন দেখেন এই বাঁহাতি পেসার। আগামী বছর সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, নামিবিয়ায় অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের এখনও অনেকটা সময় বাকি থাকলেও সেই বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখেন বলেও জানান স্টার্ক।

২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় স্টার্কের। লম্বা ক্যারিয়ারে এরমধ্যে জিতেছেন দুটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। তিন বিশ্বকাপ জয়েই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই পেসার। ক্যারিয়ারে ১৬ বছর পেরিয়ে এসেও এখনও পেস বোলিং আক্রমণে অস্ট্রেলিয়ার অন্যতম বড় ভরসার নাম স্টার্ক। সবশেষে ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠিত অ্যাশেজ সিরিজেও হয়েছেন সিরিজ সেরা খেলোয়াড়।

‎গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন আন্তর্জাতিক ক্রিকেটে অজিদের হয়ে ৩য় সর্বোচ্চ ৭৫৯ উইকেটের মালিক। কিন্তু টি-টোয়েন্টি থেকে অবসরে গেলেও এখনও ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেটে দলগুলোর চাহিদার শীর্ষে স্টার্ক। ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেটের প্রতিদ্বন্দ্বিতা দারুণ উপভোগ করে যাচ্ছেন বর্তমানে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা এই পেসার।

‎সাংবাদিকদের সাথে আলাপকালে স্টার্ক বলেন, 'আমি লড়াকু স্বভাবের। ক্রিকেটের এই দিকটাই আমি উপভোগ করি।অস্ট্রেলিয়ার হয়ে খেলতে গিয়ে আমি আমার সবচেয়ে ঘনিষ্ঠ কিছু বন্ধুর সঙ্গে খেলতে পারি। কঠোর পরিশ্রমটা আমি উপভোগ করি, তবে প্রতিদ্বন্দ্বিতাটাও উপভোগ করি, আর এখনও এটা আমার কাছে মজার।'

‎‎কনুই ও কাঁধের ইনজুরিতে অ্যাশেজের পর থেকেই মাঠের বাইরে ছিলেন স্টার্ক। গত ১ মে দিল্লির হয়ে মাঠে ফিরেছেন তিনি। এখন পর্যন্ত তিন ম্যাচে মাঠে নেমে উইকেট পেয়েছেন তিনটি। এখনও শরীরে কিছু সমস্যা থাকলেও পেসার হিসেবে সেসব সমস্যা নিয়ে খেলতে হবে, এমনটা মেনে নিয়েছেন দিল্লির এই পেসার।

‎এ প্রসঙ্গে স্টার্ক বলেন, 'সবসময়ই কিছু না কিছু চলতেই থাকে। আমার কনুই আর কাঁধে একটু সমস্যা ছিল, যেটা এখনও সামলানো হচ্ছে। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে শরীরের ওপর চাপটা সম্ভবত একটু কম পড়ে। ১৬ বছর পরও আমি এখনও ভালোভাবেই টিকে আছি, আর আশা করি সামনে আরও দুই-এক বছর বাকি আছে।'

২০২৭ বিশ্বকাপে নিজেকে দেখেন কিনা এমন প্রশ্নের জবাবে স্টার্ক বলেন, '(২০২৭ বিশ্বকাপ) এখনও অনেক দূরের ব্যাপার, তবে আশা করি আমি সেখানে থাকব। বিশ্বকাপ সবসময়ই প্রত্যেক ক্রিকেটারের জন্য একটা লক্ষ্য।

আমি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে সরে এসেছি, কিন্তু এখনও ক্রিকেটটা উপভোগ করছি। আমি কোনো নির্দিষ্ট সময়সীমা ঠিক করি না। শরীর কেমন থাকে আর ক্রিকেট কেমন চলছে, সেটাই দেখি।'

আরো পড়ুন: