অপরাধ স্বীকার করছেন ওয়ার্নার

অস্ট্রেলিয়া ক্রিকেট
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চলাকালীন দেশে ফিরেছিলেন ডেভিড ওয়ার্নার। সেই সময় সিডনির রাস্তায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার। গ্রেপ্তার হওয়ার পরও পিএসএল খেলতে পাকিস্তানে ফিরেছিলেন তিনি। তবে টুর্নামেন্ট শেষেই শুনানিতে অংশ নেওয়ার কথা ছিল তার।

৩৯ বছর বয়সী অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার অবশ্য শুনানিতে অংশ নেননি। ওয়ার্নারের মামলাটি আগামী জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ স্বীকার করে নিতে যাচ্ছেন ওয়ার্নার। এবিসি-এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার আদালতের বাইরে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ববি হিল।

ওয়ার্নারের আইনজীবী বলেন, ‘আমি আপনাদের এটা জানাতে পারি যে ডেভিড (ওয়ার্নার) মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার করবে। সে জানে সে যা করেছে সেটা ভুল ছিল। সে স্বীকার করে যে উবার না নিয়ে নিজের গাড়িতে ওঠা একটা বেপরোয়া ও বোকামি ছিল।’

ঘটনাটি ঘটেছে গত ৫ এপ্রিল (রবিবার) বিকেল সাড়ে পাঁচটা নাগাদ। সিডনির মারুব্রা অঞ্চলে তল্লাশি চালাচ্ছিল স্থানীয় পুলিশ। তল্লাশির জায়গা থেকে একটু দূরে একটি ভ্যানকে থামতে দেখা যায়। পরবর্তীতে ট্রাফিক ও হাইওয়ে টহল পুলিশের কর্মকর্তারা এগিয়ে যাওয়ার পর দেখেন ওয়ার্নার চালকের আসনে বসে আছেন।

ওই সময় প্রাথমিকভাবে পরীক্ষা করা হয় ওয়ার্নারের শরীরে অ্যালকোহল আছে কিনা। তাৎক্ষণিক পরীক্ষায় অ্যালকোহলের উপস্থিতি পাওয়া যায়। এরপর সাবেক বাঁহাতি ওপেনারকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

মারুব্রা থানায় নেওয়ার পর দ্বিতীয় পরীক্ষায় তার শরীরে ০.১০৪ মাত্রার অ্যালকোহল পাওয়া যায়। ০.০৮ মাত্রার চেয়ে বেশি হওয়ায় ওয়ার্নারের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। সব ঠিক থাকলে ৭ মে তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।

আরো পড়ুন: