টানা ছয় বলে ছয়টি উইকেট নিয়ে ক্রিকেট বিশ্বে আলোড়ন তুলেছেন ডেভিস। গত শনিবার পেনক্রিজ ক্রিকেট ক্লাব ও পেলসাল ক্রিকেট ক্লাবের মধ্যকার এক ম্যাচে এই অনন্য কীর্তি গড়েন ডেভিস।
ইংল্যান্ডের সাউথ স্ট্যাফোর্ডশায়ার কাউন্টি লিগের প্রিমিয়ার বিভাগে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করে পেনক্রিজ ৪৫.৩ ওভারে তোলে ১৬৮ রান। জবাবে ব্যাট করতে নেমে পেলসাল ১২.৫ ওভারে মাত্র ৫২ রানে গুটিয়ে যায়।
ডেভিসের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি প্রতিপক্ষের ব্যাটাররা। তিনি মাত্র ১৬ রান দিয়ে নেন সাতটি উইকেট। এর মধ্যে টানা ছয় বলে ছয়টি উইকেট নিয়ে গড়েন জোড়া হ্যাটট্রিকের অনন্য নজির।
নিজের কীর্তি নিয়ে ডেভিস বলেন, ‘ব্যাপারটা আমার এখনও অবাস্তব মনে হচ্ছে। তবে এটা অসাধারণ সাফল্য। সত্যি বলতে, কী বলব বুঝতেই পারছি না। চতুর্থ উইকেটটা পাওয়ার পর বেশ অবাক হয়েছিলাম। তার পর তো আরও দুটো উইকেট পেয়ে গেলাম!’
ম্যাচের শুরুতে অবশ্য পেলসালের অবস্থা এতটা খারাপ ছিল না। আট ওভার শেষে তাদের সংগ্রহ ছিল দুই উইকেটে ৪৯ রান। নবম ওভারে বল হাতে আসেন ডেভিস। এর আগে ইনিংসের তৃতীয় ওভারেই একটি উইকেট নিয়েছিলেন তিনি। নিজের পঞ্চম ওভারের প্রথম বলটি ছিল অতিরিক্ত।
ওই ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে পরপর দুই ব্যাটারকে বোল্ড করে দেন ডেভিস। এরপর হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি হওয়ায় ১১তম ওভারে আবার তাকে আক্রমণে আনেন অধিনায়ক জ্যাক পোপ, যা পরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
নিজের পরের ওভারের প্রথম বলেই উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন ডেভিস। এরপর টানা আরও তিন বলে প্রতিপক্ষ অধিনায়ক ড্যানিয়েল পেন্নেলসহ আরও দুই ব্যাটারকে বোল্ড করে সম্পূর্ণ করেন জোড়া হ্যাটট্রিক।