কোনো ভারতীয় বোলার আমার ধারে কাছে নেই: শামি

ভারতীয় ক্রিকেট
মোহাম্মদ শামি
মোহাম্মদ শামি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ভারতের জার্সিতে নিজের শেষ ম্যাচটা হয়তো খেলেই ফেলেছেন মোহাম্মদ শামি। বিষয়টি এখন যেন মেনে নিয়েই এগোচ্ছেন এই অভিজ্ঞ পেসার। টানা ১২ বছর ভারতের বোলিং আক্রমণের অন্যতম ভরসা ছিলেন তিনি। বিরাট কোহলি এবং রবি শাস্ত্রীর অধীনে ভারতের নির্ভরযোগ্য বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন শামি।

খেলেছেন তিনটি ওয়ানডে বিশ্বকাপে। ২০১৯ ও ২০২৩ আসরে ছিলেন ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি। সবশেষ তিনি খেলেছেন ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে, যেখানে ভারত জয় পেয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। কিন্তু এরপর পূর্ণ ফিটনেসে ফিরেও জাতীয় দলে জায়গা করে নিতে পারছেন না তিনি।

এখনো বুঝে উঠতে পারছেন না, দলে ফেরার জন্য আর কী করা বাকি। প্রথমে টি-টোয়েন্টি দল থেকে বাদ, এরপর ওয়ানডে, আর এখন টেস্ট দল থেকেও ছিটকে গেছেন। ২০২৫-২৬ মৌসুমে ঘরোয়া ক্রিকেটে ৬৭ উইকেট নেওয়ার পরও নির্বাচকদের চোখে জায়গা হয়নি তার।

প্রধান নির্বাচক অজিত আগারকারের দৃষ্টিতে তিনি এখন আর দলে ফেরার উপযুক্ত নন। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দল থেকে বাদ পড়লেও কিছুদিনের মধ্যেই আইপিএলে পার্পল ক্যাপ জিতেছিলেন শামি, তবু আর তাকে বিবেচনায় আনা হয়নি। সম্প্রতি শামি হাজির হয়েছিলেন শুভঙ্কর মিশ্র'র পডকাস্টে।

সেখানে তিনি বলেন, 'আইপিএলের কথা যদি বলেন, আমার রেকর্ডটা দেখুন। কোনো ভারতীয় বোলার আমার কাছাকাছি নেই। তারপরও আমাকে টি-টোয়েন্টি বোলার বলা হয় না। গত পাঁচ ছয় বছর দেখুন, আমি প্রায় ১৩০ উইকেট নিয়েছি। আর কী চান?'

যদি আর কখনো ভারতের হয়ে না খেলার সুযোগ পান তবুও নিজের অর্জন নিয়ে সন্তুষ্ট শামি। ২০১৩ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। ২০২৩ বিশ্বকাপে ছিলেন দলের অন্যতম সেরা পারফরমার। এর মধ্যে ওয়ানডেতে হ্যাটট্রিক করেছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে ৫৭ রান দিয়ে ক্যারিয়ারের সেরা বোলিং করেছেন এবং অস্ট্রেলিয়ায় দুইবার টেস্ট সিরিজ জয়ের কীর্তিতেও আছে তার নাম।

নিজের অর্জন নিয়ে শামি বলেন, 'সত্যি বলতে, এতে আমার খুব একটা কিছু যায় আসে না। আমার ঘরোয়া ক্রিকেটের রেকর্ড দেখুন। আমাকে যদি বল দেয়া হয়, তবেই আমি কিছু করতে পারব। না হলে তো শুধু পানি বহনকারী হিসেবেই থাকতে হবে। বল হাতে থাকলেই আমি উইকেট নিতে পারি। না হলে আমার হাত বাঁধা। তবে এমন না যে আমি খুব বিরক্ত বা হতাশ। আমি সন্তুষ্ট। ভারতের হয়ে যতটুকু ক্রিকেট খেলেছি, তাতে অনেক নাম, খ্যাতি আর অর্থ পেয়েছি। দেশের জন্য এত বছর খেলেছি, এতগুলো বিশ্বকাপে অংশ নিয়েছি।'

আরো পড়ুন: