কবে ফিরতে পারবেন, জানেন না কারান নিজেও

ইংল্যান্ড ক্রিকেট
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
কুঁচকির চোটে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন স্যাম কারান। খেলা হচ্ছে না কাউন্টি চ্যাম্পিয়নশিপেও। আগামী মে মাসের শেষের দিকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি ব্লাস্টে ফিরতে পারবেন কিনা সেটারও নিশ্চয়তা দিতে পারছেন না ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার। আপাতত মাঠের বাইরেই থাকতে হচ্ছে কারানকে।

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্কোয়াডে ছিলেন কারান। সেমিফাইনাল পর্যন্ত সবগুলো ম্যাচেই খেলেছেন তিনি। পুরো টুর্নামেন্ট জুড়ে কুঁচকির চোট নিয়ে খেলেছেন পেস বোলিং এই অলরাউন্ডার। সেই চোট শেষ পর্যন্ত কাল হয়েছে। পুরনো চোট বয়ে বেড়ানোর কারণে এখন লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে তাকে।

নিজের পুরনো ইনজুরি নিয়ে কারান বলেন, ‘এটা (কুঁচকি) এমন একটা চোট যা নিয়ে আমি অনেক দিন ধরেই কিছুটা ধুঁকছি। এটা ধীরে ধীরে সামান্য খারাপ হয়েছে। আমি কয়েকটা স্ক্যান করিয়েছিলাম এবং সেখানে ক্ষতির পরিমাণ বেশি। এজন্য আমাকে কঠিন সিদ্ধান্ত নিতে হলো। এটা আমার বেশ ক্ষতি করছে।’

‘আইপিএল খেলতে না পারাটা খুবই হতাশাজনক ছিল। এখন মনে হচ্ছে যখনই আমার জন্য সুবিধাজনক মনে হবে তখনই আমি শক্তিশালী ও ফিট হয়ে ওঠার পুনর্বাসন প্রক্রিয়া শুরু করব।’

আগামী সপ্তাহে মাঠে গড়াচ্ছে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন টু। যেখানে সারের হয়ে খেলার কথা ছিল কারানের। তবে চোটে থাকায় স্বাভাবিকভাবেই মাঠে ফেরা হচ্ছে না তার। আগামী মে মাসের শেষের দিকে শুরু হবে টি-টোয়েন্টি ব্লাস্ট। তবে সেটাতে ফিরতে পারবেন কিনা সেটার নিশ্চয়তা দিতে পারছেন না তিনি।

কারান বলেন, ‘সবকিছুই আসলে পরিস্থিতির উপর নির্ভর করবে। স্পষ্টতই, সেই জায়গা থেকে এখনো কিছুটা সময় বাকি আছে। আমার মনে হয় ইংল্যান্ডে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করব। বাইরে থেকে আইপিএল দেখাটা কঠিন হবে। কারণ আমি সেখানে থাকতে চেয়েছিলাম। কিন্তু চোট খেলারই অংশ।’

আরো পড়ুন: