ফেরার অপেক্ষা বাড়ল স্টোকসের

কাউন্টি চ্যাম্পিয়নশিপ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
জানুয়ারিতে পাওয়া চোট থেকে এখনো মাঠে ফিরতে পারেননি বেন স্টোকস। ফেব্রুয়ারিতে নতুন করে চোটে পড়লেও কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন টু-এর শুরু থেকেই খেলার কথা ছিল ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের। তবে এখনই মাঠে ফেরা হচ্ছে না তার। মে মাসের আগে পাওয়া যাচ্ছে না তাকে। বিষয়টি নিশ্চিত করেছেন ডারহামের কোচ রায়ান ক্যাম্পবেল।

গত অ্যাশেজে প্রত্যাশিতভাবে পারফর্ম করতে পারেনি ইংল্যান্ড। অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটা ভুলে যেতে চাইবেন স্টোকস। দলের মতো খেলোয়াড় হিসেবেও বিবর্ণ ছিলেন তিনি। সিরিজ শেষের আগে উরুতে চোট পেয়েছিলেন তারকা পেস বোলিং অলরাউন্ডার। পরবর্তীতে ফেব্রুয়ারিতে আবারও চোটে পড়েন তিনি।

ডারহামের একাডেমির ক্রিকেটারদের সঙ্গে অনুশীলন করার সময় বলে এসে আঘাত হানে স্টোকসের মুখে। গাল কেটে যাওয়ার পাশাপাশি নাক দিয়েও রক্ত ঝরে। পরবর্তীতে অস্ত্রোপচার করতে হয়েছে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। সেই চোট থেকে ফিরে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলার কথা ছিল স্টোকসের। তবে এখনই ফেরা হচ্ছে না তার।

পুনর্বাসন প্রক্রিয়া শেষে আগামী ৮ মে ওয়ার্কশায়ারের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারো মাঠে ফিরবেন স্টোকস। এমন তথ্যই দিয়েছেন ক্যাম্পবেল। স্টোকসের চোট নিয়ে ডারহাম কোচ বলেন, ‘এই ঘটনা আরও ভয়াবহ হতে পারত। আপনারা যা ভাবছেন তার চেয়েও অনেক বেশি খারাপ হতে পারতো।’

‘আর কয়েক সেন্টিমিটার এদিক-সেদিক হলে বলটি তার চোখে লাগতে পারতো। তখন পরিস্থিতি ভিন্ন হতে পারত। বলটি খুব জোরে মারা হয়েছিল। আমরা ভাগ্যবান যে সে বড় ধরনের বিপদ থেকে বেঁচে গেছে।’

কাউন্টি দিয়ে মাঠে ফেরাটা স্টোকসের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কেননা ৪ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই নতুন মৌসুম শুরু করবে ইংল্যান্ড। অ্যাশেজের পর প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার আর সুযোগ হয়নি ইংলিশ অধিনায়কের। ওয়ার্কশায়ারের বিপক্ষে ম্যাচের পর নিউজিল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজ শুরুর আগে কেন্টের বিপক্ষে আরও একটি ম্যাচ পাবেন তিনি।

আরো পড়ুন: