কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ যাচ্ছে ‘এ’ প্লাস ক্যাটাগরি

বাংলাদেশ ক্রিকেট
বাংলাদেশ দল, ক্রিকফ্রেঞ্জি
বাংলাদেশ দল, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
পরিবর্তন আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তির তালিকায়। এ বছর পুরোপুরি বাদ দেয়া হচ্ছে ‘এ’ প্লাস ক্যাটাগরি। তবে ‘এ’ গ্রেডে থাকা তালিকায় ক্রিকেটারদের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে বোর্ড।

বিগত কয়েক বছরে ‘এ’ প্লাস ক্যাটাগরিদের ক্রিকেটারদের রাখা হলেও এ বছর এই নিয়ম বদলাতে যাচ্ছে বোর্ড। মূলত তিন ফরম্যাটে নিয়মিত খেলোয়াড় না থাকায় কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে এই ক্যাটাগরী বাদ দিতে যাচ্ছে বিসিবি।

বিসিবির একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে জানিয়েছে, গত বছর ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন পাঁচজন ক্রিকেটার থাকলেও এবার তা বেড়ে দাঁড়াবে ৭ থেকে ৮ জনে। ইতোমধ্যে ২৭ জন ক্রিকেটারের একটি প্রাথমিক তালিকাও তৈরি করে ফেলেছে বিসিবি। আপাতত চুড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে সেটি।

নতুন তালিকায় ‘এ’ ক্যাটাগরিতে রাখা হচ্ছে তিন ফরম্যাটের তিন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসকে। পাশাপাশি এই ক্যাটাগরিতে থাকছেন তাসকিন আহমেদ ও মুশফিকুর রহিম।

এ ছাড়া সংক্ষিপ্ত দুই ফরম্যাটে নিয়মিত পারফরম্যান্সের কারণে শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও তানজিদ হাসান তামিমের নামও ‘এ’ ক্যাটাগরিতে যুক্ত হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে।

গত মৌসুমে কেন্দ্রীয় চুক্তিতে খেলোয়াড়দের পাঁচটি ক্যাটাগরী থাকলেও এবার তা ৪ ‘এ’ নামিয়ে আনা হচ্ছে। গত বছর ২২ জন ক্রিকেটারের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি করেছিল বিসিবি। ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তিতে ফেব্রুয়ারি পর্যন্ত থাকা মাহমুদউল্লাহ রিয়াদ এবার আর তালিকায় নেই।

তবে বাকি ২১ জন ক্রিকেটার নতুন তালিকায় নিজেদের জায়গা ধরে রাখতে যাচ্ছেন। এ ছাড়া নতুন করে আরও ছয়জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তির আওতায় আনা হচ্ছে। তারা হলেন- শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভির ইসলাম ও হাসান মুরাদ। মূলত ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হবেন তারা।

সম্ভাব্য কেন্দ্রীয় চুক্তির তালিকা: নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভির ইসলাম ও হাসান মুরাদ।

আরো পড়ুন: