ওপেনিংয়ে নেমেও ব্যর্থ মিরাজ, গলের হার

এলপিএল
গল গ্যালান্টস
গল গ্যালান্টস
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
অলরাউন্ডার হলেও বাংলাদেশ জাতীয় দলে মেহেদী হাসান মিরাজের মূল কাজটা বোলিংয়ে। অথচ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে বোলিংয়ের সুযোগই পেলেন না ডানহাতি অফ স্পিনার। ব্যাটিংয়ে সুযোগ এলেও সেটা কাজে লাগাতে পুরোপুরি ব্যর্থ মিরাজ। নিষ্প্রভ পারফরম্যান্সে ব্যর্থতার জালেই আটকে থাকলেন বাংলাদেশি অলরাউন্ডার। মিরাজের ব্যর্থতার দিনে গল গ্যালান্টসকে জেতাতে চেষ্টা করেছিলেন চামিকা করুনারত্নে ও দাসুন শানাকা। দুজনে হাফ সেঞ্চুরি করলেও ক্যান্ডির বিপক্ষে ১১ রানে হারতে হয়েছে গলকে।

আগের ম্যাচে ২২ বলে ৪৬ রানের ইনিংস খেলা ক্রিস লিনের জায়গায় একাদশে জায়গা পেলেন মিরাজ। রান তাড়ায় উন্নতি হলো ব্যাটিং অর্ডারেও। স্যাম হার্পারের সঙ্গে ওপেনিংয়ে নেমে ভালো শুরুর আভাসও দিয়েছিলেন তিনি। ইনিংসের প্রথম ওভারে বিজয় শঙ্করের বলে ফাইন লেগ দিয়ে চারও মারেন ডানহাতি এই ব্যাটার। তবে ইনিংস বড় করতে পারলেন না। ফিরলেন পরের ওভারেই। নুয়ান থুসারার ইয়র্কার ডেলিভারিতে বোল্ড হয়েছেন মিরাজ।

ওপেনিংয়ে সুযোগ পেয়েও ৫ বলে ৫ রানের বেশি করতে পারেননি তিনি। মিরাজের এমন ব্যর্থতার দিনে ১৬৬ রানের লক্ষ্য তাড়ায় গলকে ম্যাচে রাখেন করুনারত্নে ও শানাকা। দুজনই পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। ৩৫ বলে ৫২ রানের ইনিংস খেলে ফেরেন চামিকা। শেষের দিকে ৩৮ বলে ৫৭ রান করে অপরাজিত থাকলেও গলকে জেতাতে পারেননি অধিনায়ক শানাকা। শেষ পর্যন্ত থামতে হয়েছে রানে। ক্যান্ডির হয়ে থুসারা তিনটি এবং আসিথা ফার্নান্দো নিয়েছেন দুইটি উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা ক্যান্ডির শুরুটা ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফেরেন কুশল পেরেরা। প্রমোদ মাদুশানের একই ওভারে আউট হয়েছেন সেদিকউল্লাহ অটলও। ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি লাহিরু উদারা। আউট হয়েছেন ১৫ বলে ১৬ রান করে। পাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ক্যান্ডি। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও ডেল ফিলিপস।

বিজয়াকান্ত বিশ্বকান্তকে আক্রমণ করতে গিয়ে ১৬ রানে আউট হয়েছেন হাসারাঙ্গা। ২৫ বলে ৩৪ রান করা ফিলিপস বোল্ড হয়েছেন বিজয়াকান্তের বলেই। ৭৯ রানে ৫ উইকেট হারালে আরও চাপ বাড়ে ক্যান্ডির। তখন মঈন আলী ও অ্যাঞ্জেলো ম্যাথিউস মিলে জুটি গড়েন। দারুণ ব্যাটিংয়ে ফ্র্যাঞ্চাইজিটির রান বাড়িয়েছেন মঈন। তিন চার ও এক ছক্কায় ২৯ বলে খেলেছেন ৪১ রানের ইনিংস। আকিফ জাভেদের বলে ছক্কা মারার চেষ্টায় মিরাজের হাতে ক্যাচ দিয়েছেন তিনি।

মঈন ফেরার পর ক্যান্ডির রান দেড়শ ছাড়ানোর কাজটা করেছেন ম্যাথিউস ও বিজয় শঙ্কর। ২২ বলে ২৮ রান করেছেন অধিনায়ক ম্যাথিউস। ভারতীয় অলরাউন্ডার বিজয়ের ব্যাট থেকে এসেছে ১২ বলে ১৫ রান। গলের একাদশে থাকলেও বোলিংয়ের সুযোগ মেলেনি অফ স্পিনার মিরাজের। ক্যান্ডিকে ১৬৫ রানে আটকে দেওয়ার দিনে গলের হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন আকিফ, মাদুশান ও বিজয়াকান্ত।

আরো পড়ুন: