ক্যান্টারবারিতে টসে হেরে ব্যাট করতে নেমে ১৭ ওভারেই অলআউট হয় কেন্ট। দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন জ্যাক ক্রলি। ১৯ বলের এই ইনিংস ছাড়া আর কোনো ব্যাটার উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি। সাতজন ব্যাটার দুই অঙ্কের রানও ছুঁতে ব্যর্থ হন। শেষ ব্যাটার হিসেবে নেমে হাসান করেন ১ রান।
সারের হয়ে বল হাতে তিনটি উইকেট নেন জর্ডান ক্লার্ক। দুটি করে উইকেট শিকার করেন ক্রিস জর্ডান ও ড্যান লরেন্স। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় সংগ্রহ গড়ার সুযোগ পায়নি কেন্ট।
১০৩ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ছিল সারে। প্রথম তিন ওভারেই চারটি ছক্কা হাঁকানোর পর লরি ইভান্সকে ফিরিয়ে দেন হাসান। জায়গা তৈরি করে খেলতে গিয়ে হাসানের নিখুঁত ইয়র্কারে অফ স্টাম্প হারান তিনি। তিন ওভারে ৩৪ রান দিয়ে এটিই ছিল হাসানের একমাত্র উইকেট।
এরপর আর কোনো সাফল্য পায়নি কেন্ট। জেসন রয় ২৯ বলে অপরাজিত ৫০ এবং জশ ফিলিপ ১৫ বলে অপরাজিত ২০ রান করে মাত্র ৮.৫ ওভারেই দলের জয় নিশ্চিত করেন।
টি-টোয়েন্টি ব্লাস্টে অভিষেক ম্যাচে হ্যাম্পশায়ারের বিপক্ষে চার ওভারে ২৫ রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন হাসান। কেন্টের হয়ে এই প্রতিযোগিতায় তার আর একটি ম্যাচ বাকি রয়েছে। ১২ জুলাই মিডলসেক্সের বিপক্ষে সেই ম্যাচ খেলবেন ২৬ বছর বয়সী এই পেসার।