২০২৫ মৌসুম শেষে আইপিএলকে বিদায় জানালেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনো নিয়মিত খেলছেন অশ্বিন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে খেলছেন। ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফটের আগেই তাকে সরাসরি দলে ভিড়িয়েছে ডাবলিন।
ক্রিকেট আয়ারল্যান্ড, ক্রিকেট স্কটল্যান্ড এবং রয়্যাল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা আইসিসির অনুমোদিত ইউরোপের প্রথম বহুজাতিক ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ। আগামী ২৬ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্টটি।
প্রথম আসরে অংশ নেবে ছয়টি শহরভিত্তিক দল-ডাবলিন গার্ডিয়ানস, আমস্টারডাম ফ্লেমস, রটারডাম ডকার্স, বেলফাস্ট আইরিশ উলভস, এডিনবরা ক্যাসেল রকার্স এবং গ্লাসগো কসমিকস। আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।
অশ্বিন ছাড়াও ইতোমধ্যে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে সরাসরি দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। রটারডাম ডকার্সের অধিনায়ক হবেন ফাফ ডু প্লেসি, যিনি আবার দলটির মালিকানায়ও আছেন। তার সঙ্গে রয়েছেন হেনরিখ ক্লাসেন, জন্টি রোডস, ডোনোভান ফেরেইরা, অ্যানরিখ নরকিয়া ও মিচেল ওয়েন। আমস্টারডাম ফ্লেমসে যোগ দিয়েছেন মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মাইকেল ব্রেসওয়েল এবং ডাচ তারকা স্কট এডওয়ার্ডস ও বাস ডি লিডে।
গ্লাসগো কসমিকসে খেলবেন লুঙ্গি এনগিডি, কেশব মহারাজ, ডুয়ান জানসেন ও নিউজিল্যান্ডের বিধ্বংসী ওপেনার ফিন অ্যালেন। এডিনবরা ক্যাসেল রকার্সের নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার। সেখানে তার সঙ্গে খেলবেন ট্রেন্ট বোল্ট। অন্যদিকে বেলফাস্ট আইরিশ উলভসের অধিনায়ক করা হয়েছে গ্লেন ম্যাক্সওয়েলকে।
লিগটির মালিকানায়ও রয়েছে একাধিক তারকা নাম। বলিউড অভিনেতা অভিষেক বচ্চন আছেন লিগটির মালিকানায়। গ্লাসগোর মালিক ও প্রধান কোচ হিসেবে থাকছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ম্যাথিউ হেইডেন। এডিনবরার প্রধান কোচ জেমস ফস্টার।
ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানায় আরও আছেন রাহুল দ্রাবিড়, স্টিভ ওয়া, গ্লেন ম্যাক্সওয়েল, কাইল মিলস, নাথান ম্যাককালাম, ফাফ ডু প্লেসি, হাইনরিখ ক্লাসেন, জন্টি রোডস এবং বলিউড অভিনেতা জন আব্রাহাম।