ব্রিটিশ খেলোয়াড় হিসেবে নটিংহ্যামশায়ারে যোগ দিলেন আমির

টি-টোয়েন্টি ব্লাস্ট
মোহাম্মদ আমির, ফাইল ফটো
মোহাম্মদ আমির, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
কিছুদিন আগেই পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমির ব্রিটিশ পাসপোর্ট পেয়েছেন। এবার তিনি ব্রিটিশ খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডের কাউন্টি ক্লাব নটিংহ্যামশায়ারের হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। কাউন্টি ক্লাবটির হয়ে চলতি টি-টোয়েন্টি ব্লাস্টের বাকি মৌসুমে খেলবেন পাকিস্তানের সাবেক এই পেসার।

৩৪ বছর বয়সী আমির সর্বশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের হয়ে খেলেছিলেন। তার স্ত্রী যুক্তরাজ্যের নাগরিক হওয়ায় ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার যোগ্যতা অর্জন করেন তিনি। স্থানীয় খেলোয়াড়ের মর্যাদা পাওয়ায় নটিংহ্যামশায়ারের দুই বিদেশি খেলোয়াড়ের কোটায় তার নাম গণনা হবে না।

ফলে সাউথ আফ্রিকার অলরাউন্ডার জর্জ লিন্ডে ও পাকিস্তানি পেসার মোহাম্মদ আলির সঙ্গে একই দলে খেলতে পারবেন তিনি।বর্তমানে নর্থ গ্রুপে ছয় ম্যাচ শেষে দ্বিতীয় স্থানে রয়েছে নটিংহ্যামশায়ার। শুক্রবার (২৬ জুন) কেন্টের বিপক্ষে ম্যাচ থেকেই আমিরকে পাওয়া যাবে বলে আশা করছে ক্লাবটি। দলটি নকআউট পর্বে উঠতে পারলে সেখানেও খেলবেন তিনি।

নটিংহ্যামশায়ারে যোগ দিয়ে আমির বলেন, 'এই ক্লাবে যোগ দিতে পেরে আমি দারুণ উচ্ছ্বসিত। ক্লাবটি সম্পর্কে অনেক ভালো কথা শুনেছি। ট্রেন্ট ব্রিজে আমার অনেক স্মৃতি রয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেট মূলত দর্শকদের আনন্দ দেওয়ার খেলা। তাই আমি নিজের সেরাটা দিয়ে দলের সাফল্যে অবদান রাখতে এবং সমর্থকদের আনন্দ দিতে চাই।'

এদিকে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, দ্য হান্ড্রেডে ট্রেন্ট রকেটসের হয়েও খেলার কথা আছে আমিরের। চোটের কারণে ডেভিড পেইনের খেলা অনিশ্চিত, আর নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরিও কাফের চোটে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্ট থেকে ছিটকে যাওয়ায় তার পরিবর্তে আমিরকে দলে নেওয়ার সম্ভাবনা রয়েছে ট্রেন্টের।

এর আগে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের হয়ে আমিরের সঙ্গে কাজ করা নটিংহ্যামশায়ারের প্রধান কোচ পিটার মুরস বলেন, 'পাওয়ারপ্লে ও ইনিংসের শেষ দিকে বোলিং করার অসাধারণ দক্ষতা রয়েছে আমিরের। চাপের মুহূর্তে নিজেকে সামলে পারফর্ম করার মানসিক শক্তিও তার বড় সম্পদ। এ কারণেই বিশ্বের বিভিন্ন দলের কাছে সে এত মূল্যবান একজন ক্রিকেটার।'

এর আগে টি-টোয়েন্টি ব্লাস্টে এসেক্স, গ্লুচেস্টারশায়ার ও ডার্বিশায়ারের হয়ে খেলেছেন আমির। এ ছাড়া দ্য হান্ড্রেডে লন্ডন স্পিরিট, ওভাল ইনভিন্সিবলস (বর্তমানে এমআই লন্ডন) এবং নর্দার্ন সুপারচার্জার্সের (বর্তমানে সানরাইজার্স লিডস) জার্সিও গায়ে তুলেছেন তিনি।

অন্যদিকে, পাকিস্তানের বাঁহাতি স্পিনার সুফিয়ান মুকিমকে টি-টোয়েন্টি ব্লাস্টের বাকি মৌসুমের জন্য দলে ভিড়িয়েছে ডার্বিশায়ার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তান দলে ডাক পাওয়ায় তার আগের চুক্তি বাতিল হয়েছিল। এবার আফগানিস্তানের স্পিনার মোহাম্মদ গাজানফারকে বিশ্রামের জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ড ডেকে পাঠানোয় তার বদলি হিসেবে দলে যুক্ত হয়েছেন মুকিম।

আরো পড়ুন: