ইউরোপিয়ান লিগে ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনলেন দ্রাবিড়

ইটিপিএল
রাহুল দ্রাবিড়ব ও অভিষেক বচ্চন, ইটিপিএল
রাহুল দ্রাবিড়ব ও অভিষেক বচ্চন, ইটিপিএল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে (ইটিপিএল) যুক্ত হতে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক ও কোচ রাহুল দ্রাবিড়। ইটিপিএলের দল ডাবলিন গার্ডিয়ান্স ফ্র‍্যাঞ্চাইজির মালিকানায় যুক্ত হয়েছে ভারতের একটি কনসোর্টিয়াম। তাদের সাথে যুক্ত হয়েই দলটির মালিকানা কিনেছেন এই কিংবদন্তি।

‎আগামী ২৬ আগস্ট থেকে শুরু হবে ইটিপিএলের প্রথম আসর। ইউরোপের ছয় প্রসিদ্ধ শহর- গ্লাসগো, আমস্টারডম, এডিনবরা, ডাবলিন, বেলফাস্ট ও রটারডমকে এই আসরে প্রতিনিধিত্ব করবে ছয়টি ফ্র‍্যাঞ্চাইজি। দ্রাবিড়ের আগে ইটিপিএলের অন্যান্য ফ্র‍্যাঞ্চাইজির মালিকানায় যুক্ত হয়েছেন বিশ্ব ক্রিকেটের বড় বড় নাম।

‎ডাবলিনের মালিকানায় যুক্ত হতে পেরে দারুণ উচ্ছ্বসিত দ্রাবিড়। এই প্রক্রিয়ায় যুক্ত হবার মাধ্যমে ডাবলিনে নতুন প্রজন্মের ক্রিকেটারদের সাথে কাজ করার দারুণ সুযোগ তৈরি হবে বলে বিশ্বাস ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো এই কোচের।

‎এ প্রসঙ্গে দ্রাবিড় বলেন, 'ডাবলিনে ইতিমধ্যেই একটি আবেগপ্রবণ ক্রিকেট অনুরাগী গোষ্ঠী রয়েছে এবং এখানে উন্নতির বিপুল সম্ভাবনা বিদ্যমান। আগামী প্রজন্মকে গড়ে তোলা সবসময়ই আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল এবং আমি বিশ্বাস করি যে ইটিপিএল সেই যাত্রায় একটি অর্থবহ ভূমিকা পালন করতে পারে।'

‎এর আগে গ্লাসগোর মালিকানায় থাকার কথা নিশ্চিত করেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ক্রিস গেইল। ফ্র‍্যাঞ্চাইজিটির মালিকানায় যুক্ত থাকার পাশাপাশি ইটিপিএলের ব্র‍্যান্ড এম্বাসেডর হিসেবেও কাজ করবেন একসময় টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা হিসেবে পরিচিত গেইল।

‎এছাড়া রটারডম ফ্র‍্যাঞ্চাইজির মালিকানায় থাকবেন সাউথ আফ্রিকার তিন সাবেক ক্রিকেটার। সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসির সাথে এই ফ্র‍্যাঞ্চাইজির দায়িত্ব নিচ্ছেন জন্টি রোডস ও হেনরিখ ক্লাসেন। পাশাপাশি এডিনবরা ফ্র‍্যাঞ্চাইজিরর মালিকানায় থাকবেন নিউজিল্যান্ডের সাবেক পেসার কাইল মিলস ও সাবেক স্পিনার নাথান ম্যাককালাম।

‎আমস্টারডাম ফ্র‍্যাঞ্চাইজির মালিক হয়েছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্টিভ ওয়াহ। এ ছাড়া আমস্টারডামকে নেতৃত্ব দেবেন অজি অলরাউন্ডার মিচেল মার্শ। শুধু কিংবদন্তি ক্রিকেটাররাই নন, ইউরোপের তিন দেশ- আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের উদ্যোগে শুরু হতে যাওয়া নতুন এই আসরে যুক্ত আছে বলিউডও। ভারতের অভিনেতা অভিষেক বচ্চন ইটিপিএলের মালিকদের একজন হিসেবে যুক্ত হয়েছেন ইতোমধ্যেই।

আরো পড়ুন: