আইকন ক্রিকেটার হতে লাগবে আড়াই লাখের বেশি ফলোয়ার

এলপিএল
শ্রীলঙ্কা ক্রিকেট
শ্রীলঙ্কা ক্রিকেট
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
মাঠের ক্রিকেটের পারফরম্যান্সের জেরেই বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ মেলে ক্রিকেটারদের। তবে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) নতুন মৌসুম শুরুর আগে ভিন্ন এক নিয়ম যুক্ত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। টুর্নামেন্টের আইকন ক্রিকেটার হতে চাইলে মাঠের পারফরম্যান্সের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ক্রিকেটারের থাকতে হবে ২ লাখ ৫০ হাজারের বেশি ফলোয়ার।

গত বছরের নভেম্বর-ডিসেম্বরে কলম্বো, ক্যান্ডি ও ডাম্বুলায় হওয়ার কথা ছিল এলপিএলের ষষ্ঠ আসর। তবে টি-টোয়েনিট বিশ্বকাপের ভেন্যু প্রস্তুতের জন্য টুর্নামেন্টটি পিছিয়ে দেওয়া হয়। নতুন সূচিতে আগামী ১০ জুলাই পর্দা উঠছে শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি লিগের। যার ফাইনাল হবে ৫ আগষ্ট।

টুর্নামেন্ট শুরুর আগে বিভিন্ন ক্যাটাগরির ক্রিকেটারদের জন্য কিছু বাধ্যতামূলক নিয়ম করেছে এসএলসি। নতুন নিয়ম অনুযায়ী, এলপিএলের আইকন ক্রিকেটার হতে চাইলে জাতীয় দলের হয়ে অন্তত ৭৫ টি-টোয়েন্টি এবং একশর বেশি ফ্র্যাঞ্চাইজি ম্যাচ খেলতে হবে। এ ছাড়া সবশেষ ১৮ মাসে অন্তত ৩০ ম্যাচ খেলার রেকর্ড থাকতে হবে ওই ক্রিকেটার।

এসবের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ২ লাখ ৫০ হাজারের বেশি ফলোয়ারও থাকতে হবে তার। এসব শর্ত পূরণ করতে না পারলে এলপিএলে আইকন ক্রিকেটার ক্যাটাগরিতে নিবন্ধন করতে পারবেন না। স্টার ক্যাটাগরিতে নিবন্ধন করার জন্য জাতীয় দলের হয়ে ৫০ টি-টোয়েন্টি, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে একশর বেশি ম্যাচ এবং ১৮ মাসে অন্তত ৩০ ম্যাচ খেলতে হবে।

স্টার ক্যাটাগরির ক্রিকেটারেরও সামাজিক যোগাযোগমাধ্যমে ২ লাখ ৫০ হাজারের বেশি ফলোয়ার থাকতে হবে। গোল্ড ক্যাটাগরিতে নিবন্ধন করার জন্য জাতীয় দলের হয়ে ৩০ টি-টোয়েন্টি, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ৭৫ ম্যাচের বেশি এবং ১৮ মাসে অন্তত ২০ ম্যাচ খেলার রেকর্ড থাকতে হবে। সামাজিক যোগাযোগামাধ্যমে তাদের থাকতে হবে দেড় লাখের বেশি ফলোয়ার।

জাতীয় দলের হয়ে অন্তত ২০ টি-টোয়েন্টি, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পঞ্চাশের বেশি ম্যাচ এবং ১৮ মাসে অন্তত ২০ ম্যাচ খেললেই ক্লাসিক ক্যাটাগরিতে নিবন্ধন করতে পারবেন। এ ছাড়া সমর্থক গোষ্ঠী থাকতে এবং বাণিজ্যিক চাহিদা থাকতে হবে। এক বছরের মধ্যে আইসিসির পূর্ণ সদস্যের দেশের লিগগুলোতে খেলার অভিজ্ঞতা থাকতে হবে।

শ্রীলঙ্কার অবসর নেওয়া ক্রিকেটাররা এলপিএলে খেলতে পারবেন না। কোন ক্যাটাগরিতে ক্রিকেটারদের স্যালারি কত হবে সেটাও জানিয়ে দিয়েছে তারা। নতুন নিয়ম অনুযায়ী, আইকন ও স্টার ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের পারিশ্রমিক ৬০ হাজার থেকে ৮০ হাজার মার্কিন ডলারের মধ্যে। প্লাটিনাম ক্যাটাগরির ৫০ হাজার ডলার, গোল্ড ক্যাটাগরির ৩০ হাজার ডলার এবং ক্লাসিক ক্যাটাগরির খেলোয়াড় পাবেন ২০ হাজার ডলার।

আরো পড়ুন: