গত আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে নিজের মোকাবেলা করা প্রথম বলে ছক্কা মেরে আগমনের জানান দিয়েছিলেন সূর্যবংশী। এরপর সেই আসরে ৩৫ বলে সেঞ্চুরি করে সবাইকে তাক লাগিয়ে দেন তিনি। সেই ফর্ম ধরে রেখেছেন এবারের আইপিএলেও। এখন পর্যন্ত আইপিএলের এবারের আসরের অন্যতম সেরা ব্যাটার এই ১৫ বছর বয়সী। ১০ ইনিংসেই রান করেছেন ৪০৪।
ওপেনিংয়ে নেমে এই রান তিনি করেছেন অবিশ্বাস্য ২৩৭.৬৪ স্ট্রাইকরেটে। তবে শুধু পরিসংখ্যান নয়, ব্যাটার হিসেবে সূর্যবংশীর মানসিকতাই বেশি অবাক করছে ক্রিকেট বিশ্লেষকদের। জাসপ্রিত বুমরাহ, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউডের মতো বিশ্বসেরা পেসারদের সামনেও নিজের সহজাত ক্রিকেট খেলতে একটুও দ্বিধা করেন না এই ব্যাটার।
মাত্র ১৫ বছর বয়সেই রেকর্ড বইয়ের সব পাতা ওলট পালট করে দেয়া সূর্যবংশীকে নিয়ে 'স্টিক টু ক্রিকেট' পডকাস্টে ইংল্যান্ডের সাবেক অধিয়ায়ক ভন বলেন, 'ক্রিস গেইলের দখলে আছে আইপিএলের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড, মাত্র ৩০ বলে। আর এই ছেলেটি ইতোমধ্যেই ৩৫ বলে একটি সেঞ্চুরি করে ফেলেছে।
আইপিএলের এক আসরে কোনো ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ ছক্কার রেকর্ড হলো ৪২টি, যা করেছিলেন অভিষেক শর্মা ২০২৪ সালে। আর এই ছেলেটির ছক্কার সংখ্যা এখনই ৩৭।'
সূর্যবংশীই এই মূহুর্তে বিশ্বসেরা সিক্স হিটার কিনা এমন প্রশ্নের জবাবে ভন বলেন, 'একদম অবশ্যই। কিন্তু ওকে কত দামে নেওয়া হয়েছিল? মাত্র ১৪ বছর বয়সে তাকে কী ভেবে দলে নেওয়া হয়েছিল? আমার তো মনে হয়েছিল, সে দুই বছরের চুক্তি করেছে। আগামী বছরের নিলামে তাকে কত দামে কেনা হতে পারে? যদি সে বলে যে, সে আবার নিলামেই ফিরতে চায়, তখন কী হবে?'
এই পডকাস্টে উপস্থিত ছিলেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার টাফনেলও। অনেকটা মজার ছলে তিনি দাবি করেন, যে গতিতে সূর্যবংশী খেলে যাচ্ছেন তাতে ২১ বছর বয়সেই হয়তো সবরকম অর্জন হয়ে যাবে তার, এবং তখন হয়তো অবসরের চিন্তাও করতে পারেন তিনি। এমন কথার জবাবে ভন যোগ করেন, 'ততদিনে তার কাছে যথেষ্ট টাকাই হয়ে যাবে। হয়তো অবসরই নিয়ে নেবে।'