পান্তকে লক্ষ্যহীন অধিনায়ক মনে করেন শন পলক

আইপিএল
ঋষভ পান্ত ও শন পলক, ফাইল ফটো
ঋষভ পান্ত ও শন পলক, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সময়টা মোটেই ভালো যাচ্ছে না ঋষভ পান্তের। ব্যাট হাতে অফফর্মের পাশাপাশি তার দল লক্ষ্মৌ সুপার জায়ান্টস টানা দুই মৌসুমে টেবিলের তলানির দিকে থেকে টুর্নামেন্ট শেষ করার দাড়প্রান্তে এখন। দলের এমন বেহাল দশায় পান্তের অধিনায়কত্ব নিয়ে কাটাছেঁড়া হচ্ছে বেশ। কিংবদন্তি সাউথ আফ্রিকা পেসার শন পলক সম্প্রতি কঠিন ভাষায় সমালোচনা করেছেন অধিনায়ক পান্তকে।

নিলামে রেকর্ড ২৭ কোটি রুপিতে পান্তকে দলে ভেরানোর পাশাপাশি গত মৌসুমে শক্তিশালী দল গড়েছিল লক্ষ্মৌ। কিন্তু পয়েন্ট টেবিলের সাত নম্বরে থেকে আসর শেষ করে তারা। এবারের মৌসুমে দলের অবস্থা আরও নাজুক। ৯ ম্যাচের সাতটিতেই হেরে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে আছে লক্ষ্মৌ।

‎টানা দুই মৌসুমে দলের এমন খারাপ অবস্থায় বেশ প্রশ্নবিদ্ধ হচ্ছে পান্তের নেতৃত্বগুণ। সবশেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে লক্ষ্মৌর হারকে পান্তের প্রশ্নবিদ্ধ অধিনায়কত্বের উদাহরণ হিসেবে দেখছেন পলক। ২২৮ রানের বড় পুঁজি নিয়েও কোনো লড়াই গড়তে পারেনি লক্ষ্মৌ। এর কারণ হিসেবে পান্ত তার বিকল্প বোলারদের ঠিকঠাক ব্যবহার করতে পারেননি বলে মনে করেন পলক।

‎ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে পলক বলেন, 'তারা মাত্র পাঁচজন বোলার ব্যবহার করেছে এবং অতিরিক্ত অপশন হিসেবে এইডেন মার্করামকে ব্যবহার করেনি। আভেশ খানের মতো একজন বোলারের শক্তি সবসময়ই ভালো লেংথে বল করা, কিন্তু এখানে সে দৌড়ে এসে ইয়র্কার করার চেষ্টা করছিল। আর সেগুলো হাঁটু উচ্চতায় হয়ে যাচ্ছিল, ফলে সহজেই মারা যাচ্ছিল।

পলক আরো যোগ করেন, 'বোলারদের বুঝতে হবে তাদের শক্তি কোথায়, এবং সেটাতেই স্থির থাকতে হবে। জশ ইংলিসকে দলে নেওয়ার কারণে তারা একজন আন্তর্জাতিক মানের বোলারকে মিস করেছে, যেটা সম্ভবত দলের ভারসাম্য আরও ভালো করতে পারত।'

‎২২৯ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী জুটিতেই ১৪৩ রান তোলেন মুম্বাইয়ের দুই ব্যাটার রোহিত শর্মা ও রায়ান রিকেলটন। মোহাম্মদ শামি, মহসিন খান, প্রিন্স যাদবরা উদ্বোধনী জুটি ভাঙতে ব্যর্থ হবার পর পান্তের অধিনায়কত্বকে বেশ এলোমেলো লেগেছে পলকের কাছে।

‎পান্তের অধিনায়কত্ব প্রসঙ্গে পলক আরো বলেন, 'এ ধরনের ম্যাচে কখনো কখনো অধিনায়ক হিসেবে মনে হয় যেন তোমার কোনো লক্ষ্য নেই। যখন মুম্বাই ইন্ডিয়ান্সের টপ অর্ডারের দুই ব্যাটার এভাবে দারুণ খেলতে থাকে, তখন মনে হয় তুমি কিছুই করতে পারছ না। কিন্তু দেখলে মনে হচ্ছিল না যে তারা উইকেট নেওয়া বা রান আটকে রাখার জন্য কোনো স্পষ্ট পরিকল্পনা করেছে। তাদের কোনো আলাদা কৌশলও চোখে পড়েনি। বরং মনে হচ্ছিল তারা শুধু আশা করছিল যে মুম্বাই ইন্ডিয়ান্সের ওপেনাররা এমনি আউট হয়ে যাবে।'

আরো পড়ুন: