আইপিএল এখন ক্রিকেট নয়, ব্যবসায়িক পণ্য: মুরালিধরন

আইপিএল
মুত্তিয়া মুরালিধরন-ফাইল ফটো
মুত্তিয়া মুরালিধরন-ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এখন আড়াইশ রানও যেন নিরাপদ স্কোর নয়। দুইশর ওপর রানগুলো প্রায়ই টপকে যাচ্ছে দলগুলো। বোলারদের জন্য আইপিএলের মঞ্চ যেন শুধুই বিষাদের উপলক্ষ। এমন অবস্থায় আইপিএলের মাঝে ক্রিকেট খুব একটা দেখতে পাচ্ছেন না সানরাইজার্স হায়দরাবাদের স্পিন বোলিং কোচ মুত্তিয়া মুরালিধরন। এই লঙ্কান কিংবদন্তির কাছে আইপিএল এখন ব্যবসা ও বিনোদনের পণ্য হয়ে গেছে।

আইপিএলে এবারের আসরের প্রথম ৪০ ম্যাচেই ৩১ বার ২০০ টপকেছে দলগুলো। রান উৎসবের এই টুর্নামেন্টে নিজেদের সবশেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের ২৪৪ রানের লক্ষ্যও আট বল হাতে রেখেই সহজে জিতে যায় সানরাইজার্স। রান উৎসবের এই মঞ্চে বড্ড অসহায় বোলাররা। বোলারদের অসহায়ত্ব উপলব্ধি করেই মুরালিধরন বোলারদের বাস্তবতা মেনে নেয়া ব্যতিত উপায় দেখছেন না।

‎টেস্ট ক্রিকেটে ৮০০ উইকেটের মালিক মুরালিধরন বলেন, 'বোলারদের জন্য পরিস্থিতি এখন খুব কঠিন। শুধু আমাদের দল নয়, সব দলেই এখন এমন ব্যাটার আছে, যারা বল ভেতরে এল নাকি বাইরে গেল, তা নিয়ে ভাবে না; তারা স্রেফ বোলারদের ওপর চড়াও হচ্ছে।'

‎‎ক্রিকেটকে বাণিজ্যিকীকরণের ব্যপারে অবশ্য বাস্তববাদী মুরালি। দর্শকদের আগ্রহের জন্যই যে খেলাটাকে দিন দিন ব্যাটারদের অনুকূলে নেয়া হচ্ছে সেটিকেই আপাতত বড় করে দেখতে চান তিনি। তাই আইপিএলকে খেলার চেয়ে একটি 'বাণিজ্যিক পণ্য' বলতেও দ্বিধা নেই তার।

‎মুরালিধরন আরো যোগ করেন, 'চারপাশ থেকেই বল উড়ে সীমানার বাইরে যাচ্ছে, তাই বাউন্ডারি পিছিয়ে খুব একটা লাভ হবে বলে মনে হয় না। এখনকার দর্শকরা বিনোদন বেশি চায়, চার-ছক্কা দেখতে চায়। তাই টুর্নামেন্টটাও সেভাবেই তৈরি করা হয়েছে। অতিরিক্ত ব্যাটার রাখার সুযোগ আছে (ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের কারণে), যাতে দল কম রানে থেমে না যায়।'

তিনি আরও যোগ করেন, 'এটা এখন বড় ব্যবসা; স্পন্সর, দর্শক সবকিছু জড়িত। খেলা যদি বিরক্তিকর হয়, তাহলে স্পন্সর আর আগ্রহ দুটোই কমে যাবে। টি-টোয়েন্টি এখন একটি বড় ব্যবসা, এখানে স্পনসরসহ অনেক কিছু জড়িত। (খেলার ধরন বদলে ফেললে) আপনি স্পনসর হারাবেন, মানুষের আগ্রহও কমে যাবে।'

‎খেলাকে ব্যাটিং বান্ধব করার পেছনে শুধু আয়োজকদের এক তরফা দোষ দিতে নারাজ মুরালি। বোলারা নিজেদের দক্ষতা সময়ের সাথে বাড়াতে পারছেন না বলে অভিযোগ তার। এমনকি তার সময়ে আর নিজের আর শেন ওয়ার্নের মানের স্পিনাররা থাকলেও এখন আর তেমন কাউকে চোখে পড়ছে না আন্তর্জাতিক ক্রিকেটে মোট ১৩৪৭ উইকেট শিকার করা এই কিংবদন্তি অফস্পিনারের।

‎বর্তমান প্রজন্মের স্পিনারদের প্রসঙ্গে মুরালিধরন বলেন, 'স্পিনাররা এখন বল না ঘুরিয়ে শুধু জোরে বল করার চেষ্টা করছে। তৃণমূল পর্যায়ে শেখানোর পদ্ধতিতে পরিবর্তন দরকার। ১০-১২ বছর বয়স থেকেই বল ঘোরানোর অভ্যাস করতে হবে। যদি বল না ঘোরে, তবে ব্যাটারদের কাছে সেটা থ্রো-ডাউন বোলারদের মতোই মনে হয় এবং তারা অনায়াসে লাইনে গিয়ে ছক্কা মারে।'

আরো পড়ুন: