তিন দেশের ছয়টি ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে চলতি বছরের ২৬ আগষ্ট পর্দা উঠবে ইটিপিএলের প্রথম আসরের। ফাইনাল হবে ২০ সেপ্টেম্বর। নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড—প্রতিটি দেশেরই দুইটি করে ফ্র্যাঞ্চাইজি থাকছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনো নিয়মিতই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়াচ্ছেন ডু প্লেসি।
সাউথ আফ্রিকার সাবেক অধিনায়কের মতো একই চিত্র ক্লাসেনের ক্ষেত্রেও। ২০২৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে হটকেট ডানহাতি উইকেটকিপার ব্যাটার। রোডস অবশ্য পেশাদার ক্রিকেট ছেড়েছেন অনেক আগেই। দুনিয়ার অন্যতম সেরা ফিল্ডার হিসেবে বিবেচিত রোডস এখন কোচিংয়ে ব্যস্ত সময় পার করছেন।
খেলোয়াড়ি জীবনের পরবর্তীতে সময়ের ভাবনায় একটি কনসোর্টিয়াম গঠন করে রটারডামের মালিকানা কিনেছেন ডু প্লেসি, ক্লাসেন এবং রোডস। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলার পাশাপাশি নেতৃত্বও দেবেন ডু প্লেসি। খেলোয়াড়ের পাশাপাশি মালিকের ভূমিকায় প্রথমবার মাঠে নামবেন তিনি। এমন ভূমিকা এখনো বিশ্বাস করে উঠতে পাচ্ছেন না ডানহাতি এই ব্যাটার।
এ প্রসঙ্গে ডু প্লেসি বলেন, ‘এখনো বিষয়টা ঠিক বিশ্বাস হচ্ছে না। আমি এখনো নিজেকে স্রেফ একজন খেলোয়াড় হিসেবেই দেখি এবং মাঠে থাকতেই ভালোবাসি। এটা সত্যিই দারুণ রোমাঞ্চকর কিছু হতে যাচ্ছে। হেনরিখ ক্লাসেন আর আমি এটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
সাউথ আফ্রিকার সাবেক অধিনায়ক আরও যোগ করেন, ‘যখন দুনিয়াজুড়ে এত এত লিগ, তখন সেখানে অংশ নেওয়ার পেছনে শক্ত কোনো অনুপ্রেরণা থাকা জরুরি। এই লিগ একদম নতুনভাবে শুরু হচ্ছে, এর সম্ভাবনা অনেক। আমরা এই শুরুর গল্পের অংশ হতে চেয়েছি।’
ইউরোপিয়ান লিগটির আমস্টারডাম ফ্র্যাঞ্চাইজির মালিকানায় আছেন অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহ এবং হকি আইকন জেমি ডয়ার। দলটির অধিনায়ক হিসেবে দেখা যাবে মিচেল মার্শকে। বেলফাস্টের মালিকানায় যুক্ত আছেন গ্লেন ম্যাক্সওয়েল। এডিনবরার ফ্র্যাঞ্চাইজি কিনে নিয়েছেন কাইল মিলস ও নাথান ম্যাককালাম।
গ্লাসগো মাগাফিয়ান্সের কর্ণধার হিসেবে আছেন ক্রিস গেইল। কিছুদিন আগে বিবিসি স্পোর্ট জানিয়েছে, ফ্র্যাঞ্চাইজিটির মালিকানায় যুক্ত হতে পারেন ভারতের দুই সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন ও রাহুল দ্রাবিড়। তবে সেটা নিয়ে এখনো আনুষ্ঠানিক কিছু জানা যায়নি।