আসরের প্রথম ম্যাচটি হবে গ্র্যান্ড প্রেইরি, টেক্সাসে। এরপর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন ভেন্যুতে। গত মৌসুমে অভিষেকের পর থেকেই হাই স্কোরিং ভেন্যু হিসেবে পরিচিতি পাওয়া ওকল্যান্ড কলোসিয়াম ২৪ থেকে ২৮ জুন পর্যন্ত নিয়মিত মৌসুমের কিছু ম্যাচও আয়োজন করবে।
টুর্নামেন্ট জুড়ে মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারের মৌসুমের অন্যতম বড় পরিবর্তন হচ্ছে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স নিজেদের ঘরের মাঠ প্রস্তুত করেছে। তারা নিজেদের ম্যাচগুলো খেলবে ক্যালিফোর্নিয়ার নাইট রাইডার্স ক্রিকেট ফিল্ডে ১ থেকে ৫ জুলাই পর্যন্ত ম্যাচ অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্ট নিয়ে এমএলসির প্রধান নির্বাহী জনি গ্রেভ বলেন, 'গত তিন বছর ধরে গ্র্যান্ড প্রেইরিতে চ্যাম্পিয়নশিপ ফাইনালে আমাদের সমর্থকদের যে উচ্ছ্বাস আমরা দেখেছি, তা সত্যিই অসাধারণ। প্রতিটি ম্যাচই হাউসফুল ছিল এবং খেলোয়াড় ও সমর্থকদের জন্য তৈরি করেছে স্মরণীয় পরিবেশ।'
তিনি আরও যোগ করেন, 'সারা দেশে আমাদের সমর্থক সংখ্যা বাড়ছে। তাই আমরা নতুন দিগন্ত উন্মোচন করতে এবং প্লে-অফ ওকল্যান্ড কলোসিয়ামে নিয়ে যেতে পেরে আনন্দিত। গত গ্রীষ্মে বে এরিয়ার মানুষ ক্রিকেটের প্রতি যে ভালোবাসা দেখিয়েছে, তাতে আমরা অনুপ্রাণিত। এবার নিয়মিত মৌসুমের ম্যাচ এবং এমএলসি চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়ে আরও বড় আয়োজন করতে আমরা মুখিয়ে আছি।'