আবরারকে দেয়া অর্থ ভারতের মানুষ হত্যায় ভূমিকা রাখবে, দাবি গাভাস্কারের

দ্য হান্ড্রেড
আবরার আহমেদ ও সুনীল গাভাস্কার
আবরার আহমেদ ও সুনীল গাভাস্কার
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট 'দ্য হান্ড্রেড' এর নিলামের আগে থেকেই ধারণা করা হচ্ছিল এই নিলামে পাকিস্তানি ক্রিকেটারদের ওপর ছায়া নিষেধাজ্ঞা থাকতে পারে। বিশেষ করে ভারতীয় বেশ কয়েকটি প্রতিষ্ঠান দলগুলোর মালিকানায় থাকায় এই আশঙ্কা করা হয়েছিল। তবে নিলামে তেমনটা হয়নি।

পাকিস্তানি স্পিনার আবরার আহমেদকে নিলাম থেকে কিনে নিয়েছে সানরাইজার্স লিডস। দলটির মালিকানায় রয়েছে আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের মালিকরা। । এই চুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

ফ্র্যাঞ্চাইজিটিকে ছেড়ে কথা বলছেন না ভারতের সাবেক ক্রিকেটাররাও। এবার সুনীল গাভাস্কারের রোষানলে পড়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তিনি মনে করেন আবরারকে দলে নেয়ার মাধ্যমে দেওয়া অর্থ পরোক্ষভাবে ভারতীয় সৈন্য ও সাধারণ মানুষের মৃত্যুতে ভূমিকা রাখছে।

গাভাস্কার সংবাদপত্র 'মিড-ডে'-তে নিজের কলামে লিখেছেন, ‘পাকিস্তানি খেলোয়াড়কে যে পারিশ্রমিক দেওয়া হচ্ছে, সেই খেলোয়াড় তার সরকারকে আয়কর দেবেন। সেই অর্থ দিয়ে সরকার অস্ত্র ও সরঞ্জাম কিনবে, যা পরোক্ষভাবে ভারতীয় সৈন্য এবং বেসামরিক মানুষের মৃত্যুতে ভূমিকা রাখবে।’

দ্য হান্ড্রেডের নিলাম থেকে ১ লক্ষ ৯০ হাজার পাউন্ডে (প্রায় ২.৫২ লক্ষ ডলার) আবরারকে দলে ভিড়িয়েছে সানরাইজার্স লিডস। এরপর থেকেই একের পর এক আক্রমণাত্মক মন্তব্য ধেয়ে আসছে ফ্র্যাঞ্চাইজিটির দিকে। তাদের সমালোচনা করে গাভাস্কার বলেন, ‘টাকা প্রদানকারী প্রতিষ্ঠানটি সরাসরি ভারতীয় হোক বা বিদেশে তাদের কোনো শাখা হোক—মালিক যদি ভারতীয় হন, তবে তিনি বা তারা ভারতীয়দের হতাহত হওয়ার পেছনে অবদান রাখছেন।’

২০০৯ সাল থেকেই কূটনৈতিক সম্পর্কের অবনতির ফলে আইপিএলে দেখা যায় না পাকিস্তানের ক্রিকেটারদের। পাশাপাশি বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে ভারতীয় মালিকদের দলে দেখা যায় না পাকিস্তানের ক্রিকেটারদের। এ কারণে অনেক সময়ই সমালোচনা মুখে পড়তে হয় তাদের। তবে এবার পাকিস্তানি ক্রিকেটার দলে নিয়ে উল্টো সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছে সানরাইজার্স।

আরো পড়ুন: