মিরাজকে দলে নেয়ার কারণ জানালেন আমিন খান

ডমেস্টিক থ্রি
আমিন খান ও মেহেদী হাসান মিরাজ, ক্রিকফ্রেঞ্জি
আমিন খান ও মেহেদী হাসান মিরাজ, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ঘরোয়া ক্রিকেটে নতুন রং আনতে ছয় দল নিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডি থ্রি টুর্নামেন্ট। একই আসরে চার দিনের, ৫০ ওভার ও টি-টোয়েন্টি- তিন সংস্করণেই খেলবে দলগুলো। রাজধানীর একটি হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনে রোববার রাতে টুর্নামেন্টের কাঠামো ঘোষণা করেছে বিসিবি।

নতুন এই প্রতিযোগিতায় দল পেয়েছে ছয় প্রতিষ্ঠান- এইস ব্লুস্টার, ওয়ালটন গ্রুপ, সিটিজেন ব্যাংক, একমি গ্রুপ, সেভেন রিংস সিমেন্ট ও ফরচুন গ্রুপ। তিন বছরের জন্য দলগুলোর স্বত্ব দেওয়া হয়েছে। লটারির মাধ্যমে প্রতিটি দল নিজেদের আইকন ক্রিকেটারও বেছে নিয়েছে। ওয়ালটন গ্রুপের আইকন হয়েছেন মেহেদী হাসান মিরাজ।

মিরাজকে বেছে নেয়ার পেছনে তিন সংস্করণে তার কার্যকর ভূমিকার বিষয়টিই গুরুত্ব পেয়েছে বলে জানিয়েছেন ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। পাশাপাশি দীর্ঘদিনের সম্পর্কও ছিল বিবেচনায়। যুব ক্রিকেটে খেলার সময় থেকেই মিরাজ ওয়ালটন পরিবারের সঙ্গে সম্পৃক্ত বলে জানান তিনি।

ক্রিকফ্রেঞ্জিকে আমিন খান বলেন, 'হ্যাঁ, আগে থেকেই সিলেক্টেড ছিল মিরাজ। সে ওয়ালটন পরিবারের সাথে বেশ অনেক বছর ধরেই আছে, যখন সে বাংলাদেশ যুব ক্রিকেট দলে খেলত। তখন থেকেই সে আমাদের সাথে সম্পৃক্ত, তাই তার প্রতি একটা আলাদা টান আছে।'

'এছাড়াও যেহেতু তিন ফরম্যাটের ক্রিকেট হবে- টি-টোয়েন্টি, চার দিন এবং একদিনের ৫০ ওভারের ম্যাচ। সেই হিসাব করে মিরাজকে দলে নেয়া। আশা করি যে সে ভালো করবে।'

দল পাওয়ার খবর মিরাজকে তখনও জানানো হয়নি বলে জানান আমিন খান, 'এখন পর্যন্ত কথা হয়নি মিরাজের সাথে। ও তো অবাক হয়ে যাবে। হয়তো কোনোভাবে জেনেও যেতে পারে এতক্ষণে। আমাদের পক্ষ থেকে এখনো বলা হয়নি, কিছুক্ষণের মধ্যেই যোগাযোগ করব।'

নতুন এই টুর্নামেন্টে ওয়ালটনের লক্ষ্য অবশ্য শুধু অংশ নেওয়া নয়, শিরোপার জন্যই লড়াই করতে চায় প্রতিষ্ঠানটি। তবে আমিন খানের কাছে এর চেয়েও গুরুত্বপূর্ণ ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিকতা ও নতুন ক্রিকেটার উঠে আসা।

'নিশ্চিতভাবেই শিরোপা পেতে চাইব। অবশ্যই জেতার জন্যই তো খেলা। তবে সবচেয়ে বড় যে জিনিসটা আমি এর আগেও বললাম, আমাদের চেষ্টা হচ্ছে ক্রিকেটটা জিতুক। ক্রিকেট খেলা চলুক। কারণ এই টুর্নামেন্টটার মাধ্যমে পাইপলাইনে ভালো ভালো খেলোয়াড় আসবে।'

নতুন প্রতিযোগিতার ফলে ঘরোয়া ক্রিকেটে একসঙ্গে তিন সংস্করণে একই দল ও খেলোয়াড়দের নিয়ে কাজ করার সুযোগ তৈরি হচ্ছে। আগের কাঠামোর বিসিএল ও জাতীয় লিগ টি-টোয়েন্টি বাদ দিয়ে আসছে এই নতুন আয়োজন। তবে জাতীয় ক্রিকেট লিগ ও ঢাকা প্রিমিয়ার লিগ আগের মতোই আলাদা প্রতিযোগিতা হিসেবে থাকছে। সেই নতুন কাঠামোয় মিরাজকে ঘিরেই নিজেদের দল সাজানো শুরু করল ওয়ালটন।

আরো পড়ুন: