দ্বিতীয় ইনিংসে নিজের প্রথম ওভারেই কিটন জেনিংসকে ফিরিয়ে শুরু করেন খালেদ। এরপর ৪৮ রান করা মারকাস হ্যারিস ও আরাভ শেটিকে আউট করে পূর্ণ করেন তিন উইকেট। তার বোলিংয়ে ল্যাঙ্কাশায়ার দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ১৯২ রানে।
ম্যাচে এমন সাফল্যের পেছনে জুটি বেঁধে বোলিং করাকেই বড় কারণ হিসেবে দেখছেন খালেদ। দিন শেষে তিনি বলেন, 'আমি খুবই খুশি। প্রথমত, আমি সবসময় সঠিক লাইন ও লেংথ বজায় রেখে বল করার চেষ্টা করি এবং নিজের প্রক্রিয়ায় অবিচল থাকি। প্রথম স্পেলটি কিছুটা ধীর ছিল, তবে মধ্যাহ্ন বিরতির পর বল কিছুটা ভালোভাবে ব্যাটে আসছিল। আমরা মূলত জুটি বেঁধে বোলিং করছিলাম, আর তাতেই উইকেটগুলো এসেছে।'
প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পথে হ্যাটট্রিকের সম্ভাবনাও তৈরি করেছিলেন খালেদ। শেষ পর্যন্ত হ্যাটট্রিক না হলেও ম্যাচে আট উইকেট পাওয়ায় সন্তুষ্ট তিনি।
হ্যাটট্রিকের সুযোগের প্রসঙ্গে খালেদ বলেন, 'হ্যাঁ, বিষয়টি আমার খেয়ালই ছিল না। কেউ একজন আমাকে বলল যে আমি হ্যাটট্রিক মিস করেছি। অবশ্যই, আমি হ্যাটট্রিকটি চেয়েছিলাম, তবে সব মিলিয়ে আমি খুবই খুশি। সতীর্থরাও আমার প্রশংসা করেছে, তাই আমি আনন্দিত।'
এর আগে কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন খালেদের জাতীয় দলের সতীর্থ হাসান মাহমুদ। জাতীয় দলের ব্যস্ততায় কাউন্টি ছেড়ে যাওয়া হাসানকে মিস করছেন খালেদ। তবে খালেদের জন্য শুভকামনা জানিয়ে ভিডিও পাঠিয়েছেন হাসান।
সতীর্থকে নিয়ে খালেদ বলেন, 'হাসানকে মিস করছি, তবে সে আমাকে একটি ভিডিও পাঠিয়ে শুভকামনা জানিয়েছে। আজ দুই ব্যাটারই ভালো খেলছে, তাই আশা করছি আগামীকালও আমরা এই ধারাবাহিকতা ধরে রাখতে পারব।'
খালেদের পাঁচ উইকেটের পর ল্যাঙ্কাশায়ার প্রথম ইনিংসে অলআউট হয় ১৬১ রানে। কেন্ট জবাবে করে ২১৪ রান। দ্বিতীয় ইনিংসে ল্যাঙ্কাশায়ার ১৯২ রানে থামলে কেন্টের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৪০ রান। সেই লক্ষ্য তাড়ায় দিন শেষে ৮৪ রান তুলেছে কেন্ট।