হাসানের ৩ উইকেট, কেন্টের টানা দ্বিতীয় জয়

কাউন্টি ক্রিকেট
হাসান মাহমুদ, ফাইল ফটো
হাসান মাহমুদ, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় বিভাগে মিডলসেক্সকে ৪৯ রানে হারিয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে কেন্ট। টানা দুই ম্যাচে জয় পাওয়ায় পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে দলটি। এই দুই জয়ের ম্যাচে দলটিতে খেলেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ।

আগের ম্যাচে অভিষেকেই ৯ উইকেট নিয়ে আলো ছড়ালেও এবার বল হাতে ততটা সফল হননি হাসান। তবু দলের জয়ে অবদান রেখেছেন তিনি। প্রথম ইনিংসে দুটি উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে যোগ করেন আরও একটি উইকেট।

ক্যান্টারবুরিতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে কেন্ট তোলে ৪১৬ রান। জবাবে মিডলসেক্স করে ৪৪৩ রান। প্রথম ইনিংসে ২৭ রানে পিছিয়ে পড়া কেন্ট দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ২৫৭ রানে।

ফলে জয়ের জন্য মিডলসেক্সের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৩১ রান। তবে শেষ ইনিংসে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। একসময় তাদের সংগ্রহ ছিল ৭ উইকেটে ৯৩ রান।

পরাজয় এড়ানোর চেষ্টা করেন জাফার গোহার। তিনি ৬৬ রানের অপরাজিত ইনিংস খেললেও দলকে জয়ের পথে নিতে পারেননি। শেষ পর্যন্ত ১৮১ রানেই গুটিয়ে যায় মিডলসেক্সের ইনিংস। কেন্টের হয়ে ম্যাট মিল্নস পাঁচটি এবং কিথ ডাজন তিনটি উইকেট নেন।

দ্বিতীয় ইনিংসে হাসানের একমাত্র শিকার ছিলেন ক্যালেব ফ্যাকোনার। ভেতরে ঢোকা এক দারুণ বলে তার স্টাম্প ভেঙে দেন বাংলাদেশি পেসার। কাউন্টিতে প্রথম ধাপের অভিযান শেষ করে এবার তিনি যোগ দেবেন বাংলাদেশ টেস্ট দলে।

আরো পড়ুন: