তৃতীয় দিন সকালের চরিত্রটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আবুধাবি টেস্টের জন্য। এর আগে অবশ্য দ্বিতীয় দিনে নিজেদের কাজটা করে রেখেছে আফগানরা। আব্দুল মালিক ও হাশমতউল্লাহ শহীদিকে কয়েক বলের মধ্যে ফিরিয়ে খানিকটা আশা জাগিয়েছিল বাংলাদেশ। তবে দিনের বাকিটা সময়ে বিশেষ কিছুই করতে পারেননি সফরকারীরা। বরং পুরোটা সময় উইকেটের জন্য অপেক্ষা করতে হয়েছে তাদের।
হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজরা খানিকটা চাপ তৈরি করলেও প্রত্যাশিতভাবে উইকেটের দেখা পাননি। অনেকটা হতাশার দিন কাটাতে হয়েছে বাংলাদেশকে। বিপরীতে বাংলাদেশের বোলারদের সামলে আফগানদের ভালো অবস্থানে রেখেছেন মালিক ও রহমত। দুজনের হাফ সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ২১১ রান তুলেছে আফগানিস্তান। এখনো বাংলাদেশের চেয়ে ১৩৫ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা।
প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারাতে পারতো আফগানিস্তান। তবে বাংলাদেশের ভুলে বেঁচে যান সেদিকউল্লাহ অটল। হাসানের দারুণ এক ডেলিভারিতে বল সেদিকউল্লাহর ব্যাট ছুঁয়ে লিটন দাসের গ্লাভসে চলে যায়। বাংলাদেশের ফিল্ডাররা আবেদন করলেও তাতে সাড়া দেননি আম্পায়ার। টিভি রিপ্লেতে দেখা যায় বল ব্যাট ছুঁয়ে লিটনের গ্লাভস বন্দি হয়েছে।
একই সময় ব্যাট প্যাডে লাগায় খানিকটা বিভ্রান্ত হয়ে পড়ে সফরকারীরা। এজন্য রিভিউ নেয়নি বাংলাদেশ। ফলে জীবন পান সেদিকউল্লাহ। যদিও জীবন পেয়ে ইনিংস বড় করতে পারেননি আফগান ওপেনার। হাসানের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে স্লিপে তানজিদ হাসান তামিমকে ক্যাচ দিয়েছেন। পরবর্তীতে শহিদুল্লাহ কামাল ও মালিক মিলে প্রতিরোধ গড়েন।
তাদের দুজনের জুটি ভাঙেন ইবাদত। ডানহাতি পেসারের শর্ট ডেলিভারিত পুল করতে গিয়ে ফাইন লেগে হাসানের হাতে ক্যাচ দেন তিনি। ৪৪ বলে ২০ রান করেছেন শহিদুল্লাহ। এরপর রহমতকে সঙ্গে নিয়ে আফগানদের টানতে থাকেন মালিক। সাবধানী ব্যাটিংয়ে পেয়েছেন হাফ সেঞ্চুরিও। ক্যারিয়ারে প্রথম টেস্ট হাফ সেঞ্চুরির পর ইনিংসটা আর বড় করতে পারেননি। আউট হয়েছেন ১২০ বলে ৬২ রান করে।
ইবাদতের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন মালিক। ডান দিকে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত ক্যাচ নেন লিটন। পরের ওভারে আউট হয়েছেন হাশমতউল্লাহ। মিরাজের বলে ডাউন দ্য উইকেটে এসে খেলার চেষ্টায় স্টাম্পিং হয়েছেন। দিনের বাকিটা সময়ে অনায়াসে কাটিয়ে দিয়েছেন রহমত ও ইকরাম। দিন শেষে রহমত ৮৪ ও ইকরাম অপরাজিত ২৬ রানে। বাংলাদেশের হয়ে ইবাদত দুইটি উইকেট নিয়েছেন।