নিশিনের কারোগি স্পোর্টস পার্কে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়ার প্রতিপক্ষ ছিল ওমান। তবে বৃষ্টির কারণে টসই করা সম্ভব হয়নি। ফলে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। এমন অবস্থায় একটি করে পয়েন্ট পেয়েছে ওমান ও মালয়েশিয়া। নিজেদের প্রথম ম্যাচে হংকং চায়নাকে হারানোয় ৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে মালয়েশিয়া। ফলে কোয়ার্টার ফাইনালে তাদের খেলতে হবে বাংলাদেশের বিপক্ষে।
আন্তর্জাতিক ক্রিকেটে একবারই মুখোমুখি হয়েছে এই দুই দেশ। ২০২৩ সালে এশিয়ান গেমসে মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। এ ছাড়া কদিন আগে বাংলাদেশ সফর করে গেছে মালয়েশিয়া। যেখানে বাংলাদেশ হাই পারফরম্যান্সে সঙ্গে দুইটি টি-টোয়েন্টি খেলেছে তারা। পাশাপাশি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে তিনটি ওয়ানডে ম্যাচও খেলেছে মালয়েশিয়া।
যদিও পাঁচ ম্যাচের একটিতেও জিততে পারেনি সফরকারীরা। কোয়ার্টারে ফাইনালে বাংলাদেশের জন্য প্রতিপক্ষ হিসেবে মালয়েশিয়া সহজই হওয়ার কথা। কারণ সোনা জয়ের স্বপ্নে এশিয়ান গেমসে জাতীয় দল পাঠিয়েছে বাংলাদেশ। যেখানে খেলবেন লিটন দাস, মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিমরা। আগামী ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বেলা ১১ টায় মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।
কোয়ার্টার ফাইনালে জিততে পারলে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে শ্রীলঙ্কা অথবা নেপাল। এশিয়ান গেমসে পদক জিততে হলে অন্তত দুইটি ম্যাচে জিততে হবে বাংলাদেশকে। দেশ ছাড়ার আগে প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন ও অধিনায়ক লিটন সোনা জয়ের স্বপ্নই দেখিয়ে গেছেন। ২৮ সেপ্টেম্বর প্রথম কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে হংকং চায়না।
একই দিন দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ভারত লড়বে আফগানিস্তানের বিপক্ষে। ‘এ’ গ্রুপের রানার্স আপ হওয়ায় ভারতের সামনে পড়তে হয়েছে আফগানদের। একই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েছে নেপাল। স্ব স্ব ম্যাচে জিততে পারলে সেমিফাইনালে দেখা যাবে ভারত ও পাকিস্তানের লড়াই। ফাইনাল হবে আগামী ৩ অক্টোবর। একই দিন ব্রোঞ্জ পদকের জন্য তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচও হবে।