ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের পরিচালক হলেন মিঠুন

বাংলাদেশ ক্রিকেট
ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ডব্লিউসিএ) পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে কোয়াব।

তার এই নিয়োগের মাধ্যমে বিশ্বের শীর্ষ ক্রিকেট খেলুড়ে দেশগুলোর খেলোয়াড় সংগঠনের নেতৃত্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্বও যুক্ত হলো। ডব্লিউসিএর বোর্ডে বিশ্বের বিভিন্ন দেশের খেলোয়াড় সংগঠনের নেতাদের পাশাপাশি স্বতন্ত্র পরিচালকদের সঙ্গেও কাজ করবেন মিঠুন।

একই সঙ্গে বাংলাদেশের চুক্তিবদ্ধ পুরুষ ও নারী ক্রিকেটাররা ডব্লিউসিএর বৈশ্বিক বাণিজ্যিক কর্মসূচির আওতায় এসেছেন। বিশ্বের শীর্ষ ১৯টি ক্রিকেট খেলুড়ে দেশের মধ্যে ১৭টি দেশের আন্তর্জাতিক ক্রিকেটাররা এই কর্মসূচির সঙ্গে যুক্ত। সেই তালিকায় এবার বাংলাদেশের ক্রিকেটাররাও যুক্ত হলেন।

এই কর্মসূচির মাধ্যমে ক্রিকেটারদের নাম, ছবি, শারীরিক অবয়বসহ তাদের বিভিন্ন বাণিজ্যিক অধিকার সম্মিলিতভাবে সুরক্ষিত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্বব্যাপী লাইসেন্সপ্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গেও চুক্তিবদ্ধ হওয়ার নতুন দুয়ার খুলে গেছে।

মিঠুনের নিয়োগের ফলে আন্তর্জাতিক ক্রিকেটারদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হয়েছে। ডব্লিউসিএর নেতৃত্বে রয়েছেন হিথ মিলস, সভাপতি লিসা স্থালেকার, প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে আছে টম মোফাট।

এর বাইরে স্বতন্ত্র পরিচালক সানা মীর এবং ডব্লিউসিএ এশিয়ার আঞ্চলিক প্রধান ইমরান আহমেদ খান। কিছুদিন আগেই বাংলাদেশ সফরে এসেছিলেন লিসা স্থালেকার। সেই সময় তার সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছিল মিঠুন ও কোয়াবের।

আরো পড়ুন: