স্বাধীন-তামিম-আদিলের নৈপূণ্যে বড় জয় অনূর্ধ্ব-২৩ দলের

গেম ডেভেলপমেন্ট ট্রফি
ছবি: ক্রিকফ্রেঞ্জি
ছবি: ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
গেম ডেভেলপমেন্ট ট্রফিতে প্রথম দেখায় অনূর্ধ্ব-২৩ দলকে হারিয়ে চমক দেখিয়েছিলো অনূর্ধ্ব-১৯ দল। এদিনও ব্যাটিংয়ে দারুণ শুরু করে তেমন কিছুর আভাসই দিচ্ছিলো অনূর্ধ্ব-১৯ এর দুই ওপেনার জারিফ সিয়াম ও কাউসার আহমেদ। কিন্তু লেগ স্পিনার স্বাধীন ইসলামের দুর্দান্ত এক গুগলিতে কাউসার আউট হলে ভাঙে সেই জুটি। এরপর একে একে আরো ৩ উইকেট তুলে নিয়ে অনূর্ধ্ব-১৯ এর যুবাদের আর বেশিদূর এগোতে দেননি স্বাধীন। তার ৪ উইকেটে শিকারে ১৮৯ রানে থামে অনূর্ধ্ব-১৯ এর ইনিংস। জবাব দিতে নেমে দুই ওপেনার আদিল ও আজিজুল হাকিম তামিমের ফিফটিতে ১১১ বল বাকি থাকতেই ৯ উইকেটের সহজ জয় পায় অনূর্ধ্ব-২৩ দল।

১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার আদিল ও তামিম। ২১ ওভারেই ১৩০ রানের উদ্বোধনী জুটি গড়েন এই দুই ওপেনার। অর্ধশতক তুলে নেন দুইজনই। ৭৪ বলে ৬৩ রান করা আদিলকে লেগ বিফোরের ফাঁদে ফেলে এই জুটি ভাঙেন সিয়াম।

এরপর কালাম সিদ্দিকী অ্যালিনকে সাথে নিয়ে বাকি পথ পাড় করে দেন তামিম। ৭৯ বলে এক ছক্কা ও ৪ টি চারে ৭৪ রান করে অপরাজিত থাকেন এই ওপেনার। অ্যালিন অপরাজিত ছিলেন ৪০ বলে ৩৯ রান করে। ১১১ বল বাকি থাকতে ৯ উইকেটের জয় পায় চতুর্থ ম্যাচে এসে প্রথম হারের মুখ দেখল অনূর্ধ্ব-১৯ দল। চার ম্যাচের তিনটিতেই জিতে টেবিলের শীর্ষেই আছে তারা। তিন ম্যাচে এক জয় ও এক হারে তিন পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান অনূর্ধ্ব-২৩ দলের।

এর আগে মিরপুর শের এ বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় অনূর্ধ্ব-১৯ দল। সিয়াম ও কাউসার মিলে উদ্বোধনী জুটিতে যোগ করেন ৬৫ রান। ১৭ তম ওভারে স্বাধীন লেগ বিফোরের ফাঁদে ফেলেন ২২ রান করা কাউসারকে।

এরপর আরেক ওপেনার সিয়ামকেও ফেরান এই লেগস্পিনার। অর্ধশতক তুলে নেয়া সিয়ামকে শেখ পারভেজ জীবনের ক্যাচে পরিণত করেন স্বাধীন। ৭১ বলে এক ছক্কা ও ৫ চারে ৫৬ রানের ইনিংস খেলেন সিয়াম। এক ওভার পরেই টানা তৃতীয় আঘাত হানেন স্বাধীন। তাকে সুইপ করতে গিয়ে তার ফাঁদে পা দিয়ে রিজান হোসেনের হাতে ক্যাচ দিয়ে আউট হন রাকিবুল হাসান রুসাফি।

এরপর অনূর্ধ্ব-১৯ দলের চতুর্থ উইকেটটিও তুলে নেন স্বাধীন। ৭ রান করা ফরিদ হাসান ফয়সালকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন আরেকটি দুর্দান্ত ডেলিভারিতে। স্বাধীনের এমন বোলিংয়ের পর আর দাঁড়াতে পারেননি অনূর্ধ্ব-১৯ দলের বাকি ব্যাটাররা। মিডল অর্ডারের তিন ব্যাটারই ছুঁতে পারেননি দুই অংকের স্কোর। ১৫৯ রানেই ৯ উইকেট হারায় অনূর্ধ্ব-১৯ দল।

পেসার আল আমিন হোসেনকে নিয়ে শেষ উইকেটে কিছুটা লড়াই চালান মেহেরাব হাসান সিজান। ৯ নম্বরে নামা সিজানের ৩৬ বলে ৩৩ রানের ইনিংসে কিছুটা লড়াই করার পুঁজি পায় অনূর্ধ্ব-১৯ দল। ৪৯.৫ ওভারে ১৮৯ রানে অলআউট হয় অনূর্ধ্ব-১৯ দল। অনূর্ধ্ব-২৩ এর হয়ে স্বাধীনের চার উইকেটের সাথে মহিউদ্দিন তারেক দুইটি এবং মাহফুজুর রাব্বি ও আহরার আমিন পিয়ান একটি করে উইকেট নেন।

আরো পড়ুন: