৭ উইকেটে হেরে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশ ইমার্জিং দলের

বাংলাদেশ ইমার্জিং দলের সাউথ আফ্রিকা সফর
ইউটিউব লাইভ থেকে নেওয়া স্ক্রিনশর্ট
ইউটিউব লাইভ থেকে নেওয়া স্ক্রিনশর্ট
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
দায়ান গালিমের পেস আগুনে পুড়ে ছারখার হওয়ার পর বোলিংয়েও প্রত্যাশা মেটাতে পারেনি বাংলাদেশ ইমার্জিং দল। ব্যাটারদের ব্যর্থতায় ৮৯ রানে অল আউট হওয়া সফরকারীদের অনায়াসে হারিয়েছে সাউথ আফ্রিকা ইমার্জিং দল। ইকবাল হোসেন ইমন ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান তিনটি উইকেট নেওয়ায় শুরুটা ভালো হলেও শেষ পর্যন্ত হারতে হয়েছে সফরকারীদের। স্বাগতিকদের কাছে ৭ উইকেটে হেরে ত্রিদেশীয় সিরিজ শুরু করল বাংলাদেশ

রানতাড়ায় শুরুটা ভালো হয়নি সাউথ আফ্রিকার। ইনিংসের প্রথম ওভারেই বাংলাদেশকে উইকেট এনে দেন ইকবাল হোসেন ইমন। ডানহাতি পেসারের গুড লেংথ ডেলিভারিতে লেগ বিফোর উইকেট হয়েছেন জেপি কিং। পাওয়ার প্লে শেষের আগে ড্যানিয়েল স্মিথের উইকেটও তুলে নেয় সফরকারীরা। চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে মিড অফে ক্যাচ দিয়েছেন স্মিথ।

একটু পর মোদিরি লিথেকোকেও ফেরান রিজওয়ান। ডানহাতি পেসারের শর্ট ডেলিভারিতে পুল করতে গিয়ে শর্ট স্কয়ার লেগে ক্যাচ দিয়েছেন তিনি। ৩৭ রানে ৩ উইকেট নেওয়ার পর প্রোটিয়াদের আর চ্যালেঞ্জ জানাতে পারেননি বাংলাদেশি বোলাররা। রিচার্ড সেলেটসোয়ানে ৩৫ ও ভ্যান বারেনের ১৮ রানের সুবাদে ৭ উইকেটের জয় পেয়েছে সাউথ আফ্রিকা। সফরকারী বাংলাদেশের হয়ে রিজওয়ান দুইটি ও ইমন নিয়েছেন একটি উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ইনিংসের পঞ্চম ওভারে দায়ান গালিমের লেংথ ডেলিভারিতে বড় শট খেলার চেষ্টায় টপ এজ হয়ে থার্ডম্যানে ক্যাচ দিয়েছেন জাকির হাসান। দ্বিতীয় উইকেটে মাহফিজুল ইসলাম রবিন ও শাহদাত হোসেন দিপু মিলে জুটি গড়ার চেষ্টা করেন। যদিও তাদের দুজনের জুটি বড় হতে দেননি গালিম। ডানহাতি পেসারের ভেতরে ঢোকা ডেলিভারিতে বোল্ড হয়েছেন দিপু।

১৬ বলে ৮ রানের বেশি করতে পারেননি ডানহাতি এই ব্যাটার। বায়ান্দা মাজোলার লাফিয়ে ওঠা বলে স্লিপে ক্যাচ দেন ইফতিখার হোসেন। লম্বা সময় উইকেটে টিকে থাকলেও রান বের করতে পারছিলেন না মাহিদুল ইসলাম অঙ্কন। চাপে পড়ে ডানহাতি উইকেটকিপার ব্যাটার আউট হয়েছেন ২৮ বলে মাত্র ২ রান করে। স্পিনার কালেব সেলেকার বলে বড় শট খেলতে গিয়ে আউট হয়েছেন। জুটি গড়ার চেষ্টা করেছিলেন আমিনুল ইসলাম বিপ্লব ও মাহফিজুল।

তাদের দুজনের জুটিও খুব বেশি বড় হয়নি। আন্দিলে মোগাকানের অফ স্টাম্পের বাইরের বলে ইনসাইড এজে বোল্ড হয়েছেন বিপ্লব। ১১ রান করেছেন তিনি। পরের বলে আউট হয়েছেন মইন খানও। ডানহাতি পেসারের লাফিয়ে ওঠা ডেলিভারিতে এজ হয়ে ক্যাচ দিয়েছেন স্লিপে। সবার আসা-যাওয়ার মাঝে একপ্রান্ত আগলে রেখেছিলেন মাহফিজুল। তবে হাফ সেঞ্চুরি পাওয়া হয়নি ডানহাতি ওপেনারের। গালিমের শর্ট ডেলিভারিতে পুল করেছিলেন তিনি। তবে টপ এজ হয়ে উইকেটের পেছনে ক্যাচ দিতে হয়েছে তাকে।

মাহফিজুল দেখানোর চেষ্টা করেছিলেন বল কনুইয়ের কাছাকাছি লেগেছে। তবে গ্লাভসে লেগেছে এমন ভাবনা থেকে ৭৩ বলে ৪০ রানের ইনিংস খেলা ডানহাতি ওপেনারকে আউট ঘোষণা করেন আম্পায়ার। শেষের দিকে আর কেউই সুবিধা করতে পারেননি। শেষ ব্যাটার হিসেবে রাতুল ফিরলে ৮৯ রানে অল আউট হয় বাংলাদেশ। মাত্র ১৮ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন গালিম, আন্দিলে পেয়েছেন দুইটি উইকেট।

আরো পড়ুন: