হাসানের ২ উইকেট, তবুও হারল কেন্ট

টি-টোয়েন্টি ব্লাস্ট
ভিডিও থেকে নেওয়া
ভিডিও থেকে নেওয়া
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
কেন্ট স্পিটফায়ার্সের হয়ে প্রথম দুই ম্যাচে ‍দুই উইকেট নিয়েছিলেন হাসান মাহমুদ। ডানহাতি পেসার মিডলসেক্সের বিপক্ষে নিলেন দুই উইকেট। হাসান ও জেইক লিনটট মিলে মিডলসেক্সকে ১৭২ রানে আটকে দিয়েছিলেন। তবে ড্যানিয়েল বেল ড্রুমন্ডের ৪৭ রানের ইনিংসের পরও ব্যাটিং ব্যর্থতায় ১৪ রানে হারতে হয়েছে তাদের। কেন্টের হয়ে খেলা তিন ম্যাচের সবকটিতে হারলেন হাসান।

টস জিতে ইনিংসের দ্বিতীয় ওভারেই হাসানকে বোলিংয়ে আনেন কেন্টের অধিনায়ক। বোলিংয়ে এসে প্রথম তিন বলেই কোনো রান দেননি। তবে বাংলাদেশের পেসারের চতুর্থ বলে ডিপ মিড উইকেট দিয়ে চার মারেন জশুয়া ডি কাইর্স। পরের বলেই অবশ্য ডানহাতি ওপেনারকে ফেরান হাসান। একই শট খেলার চেষ্টায় লেগ বিফোর উইকেট হয়ে ফেরেন কাইর্স। ওভারের শেষ বলেও উইকেট পেতে পারতেন তিনি।

হাসানের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়েছিলেন ম্যাক্স হোল্ডেন। তবে নো বল হওয়ায় উইকেট পাওয়া হয়নি হাসানের। প্রথম ওভারে মাত্র ৫ রান দিয়ে এক উইকেট নেন তিনি। পাওয়ার প্লের শেষ ওভারে আবারও বোলিংয়ের সুযোগ পেয়েছিলেন ডানহাতি এই পেসার। তবে সেই ওভারে ভালো করতে পারেননি তিনি। দুই চারে হজম করেন ১১ রান। ইনিংসের ১৬তম ওভারে আবারও ফেরানো হয় হাসানকে।

বোলিংয়ে ফিরেই কেন্টকে উইকেট এনে দেন ২৬ বছর বয়সী এই পেসার। দুর্দান্ত এক ইয়র্কারে ফেরান বেন জেডসকে। সেই ওভারে একটি উইকেট নেওয়ার পাশাপাশি ৮ রান দেন তিনি। কোটার শেষ ওভারে বোলিংয়ে এসে দিয়েছেন ৯ রান। শেষ পর্যন্ত ৪ ওভারে ৩৩ রান খরচায় দুইটি উইকেট নিয়েছেন হাসান।

ডানহাতি পেসারের এমন বোলিংয়ের দিনে ৬ উইকেট হারিয়ে ১৭২ রানের পুঁজি পেয়েছে মিডলসেক্স। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেছেন লুক হম্যান। এ ছাড়া জেডস ৩২, হোল্ডেন ২৪, ম্যাথু বয়েল ২১ এবং শেষের দিকে ইথান বশ ১৫ বলে অপরাজিত ২৩ রান করেছেন। কেন্টের হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন হাসান ও জেইক লিনটট। একটি করে উইকেট পেয়েছেন জেইডেন ডেনলি এবং একানশ সিং।

রান তাড়ায় অধিনায়ক বেল ড্রুমন্ড ছাড়া বলার মতো কেউই কিছু করতে পারেননি। কেন্টের হয়ে সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস এসেছে তার ব্যাট থেকে। বাকিদের মধ্যে ২৬ রান করেছেন স্যাম বিলিংস ও শেষের দিকে ১৭ রান এসেছে গ্র্যান্ট স্টেয়ার্টের ব্যাট থেকে। কেন্টের ৭ উইকেটে ১৫৮ রানে থামার দিনে ব্যাটিংয়ের সুযোগ মেলেনি হাসানের।

আরো পড়ুন: