এক ধাপ এগিয়ে চারে উঠল বাংলাদেশ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ
বিসিবি
বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
জিম্বাবুয়ের পেসারদের গতি আর বাউন্সের সঙ্গে পেরে উঠতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। একমাত্র মুমিনুল হক ছাড়া বাকিরা সবাই ব্যর্থ হয়েছেন। বাঁহাতি ব্যাটারের বিদায়ের পর অনেকেই উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। ব্যাটিং ব্যর্থতায় হারারে টেস্টে বাজে একটা দিন পার করেছে বাংলাদেশ। যদিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র‌্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছে টাইগাররা।

সবশেষ সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিলেন শান্ত-মুমিনুলরা। সিরিজ জয়ের পর আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র‌্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়ে যায় বাংলাদেশ। ভারতের মতো দলকে পেছনে ফেলে পাঁচ নম্বরে উঠে আসে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে এখনো পর্যন্ত ৪ টেস্ট খেলেছেন শান্তরা।

যেখানে দুই জয়ের বিপরীতে একটি ম্যাচ ড্র করেছে বাংলাদেশ। শতকরার হিসেবে বাংলাদেশের পয়েন্ট এখন ৫৮.৩৩। পয়েন্টের কোনো পরিবর্তন না এলেও র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। সেটার বড় একটা কারণ শ্রীলঙ্কার হার। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংস ও ২১৭ রানের ব্যবধানে হেরেছে লঙ্কানরা।

এমন হারের পর চার থেকে ছয়ে নেমে গেছেন দীনেশ চান্দিমাল-ধনঞ্জয়া ডি সিলভারা। তিন টেস্ট খেলা শ্রীলঙ্কার পয়েন্ট এখন ৪৪.৪৪ শতাংশ। ফলে এক ধাপ এগিয়ে চারে উঠে গেছে বাংলাদেশ। ছয় থেকে পাঁচে উঠে এসেছে ভারত। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে হারলেও র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের প্রভাব পড়বে না। কারণ ম্যাচটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়।

আরো পড়ুন: