বৃষ্টি ছাপিয়ে ক্যাম্পবেলের সেঞ্চুরির অপেক্ষা

জিম্বাবুয়ে 'এ' দলের বাংলাদেশ সফর
জিম্বাবুয়ে ক্রিকেট
জিম্বাবুয়ে ক্রিকেট
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সকাল থেকে মেঘলা আকাশের সঙ্গে গুঁড়িগুঁড়ি বৃষ্টি অপেক্ষায় রেখেছিল ক্রিকেটারদের। সকাল পেরিয়ে বেলা বাড়তেই আকাশে রোদের দেখা মিলল। দুপুর নাগাদ খেলাও মাঠে গড়ালে। অপেক্ষার প্রহর পেরিয়ে ব্যাটে-বলের লড়াইয়ে নেমে দাপট দেখাল জিম্বাবুয়ে ‌‘এ’ দল। ম্যাথু ক্যাম্পবেলের ওয়ানডে মেজাজের ব্যাটিংয়ে প্রথম দিন শেষে ৩৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৭ রান তুলেছে জিম্বাবুয়ে। ৭৭ বলে ৯১ রানের ইনিংস খেলে সেঞ্চুরির অপেক্ষা করছেন ক্যাম্পবেল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে দেখেশুনে খেলতে থাকেন জিম্বাবুয়ের দুই ওপেনার তারিসাই মুসাকান্দা ও তানুনুরওয়া ম্যাকোনি। তাদের দুজনের ব্যাটে প্রথম ঘণ্টা অনায়াসে পার করে সফরকারীরা। ইনিংসের ১৩ ওভারে গিয়ে জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি ভাঙেন আনামুল হক।

ডানহাতি পেসারের অফ স্টাম্পের অনেকটা বাইরের বলে জায়গায় দাঁড়িয়ে খেলতে চেয়েছিলেন মুসাকান্দা। তবে বল প্রথম স্লিপে থাকা আশিকুর রহমান শিবলীর হাতে যাওয়ার আগে মুসাকান্দার ব্যাট ছুঁয়ে গেছে। ৩২ বলে ২১ রান করে ফিরতে হয় জিম্বাবুয়ের ওপেনারকে। তিনে নামা ক্যাম্পবেলকে নিয়ে জুটি গড়ে তোলেন ম্যাকোনি।

তারা দুজনে মিলে ৬৯ রানের জুটি গড়ে জিম্বাবুয়ের রান একশ পার করেছেন। ম্যাকোনিকে ফিরিয়ে তাদের জুটি ভাঙেন মোহাম্মদ আশরাফুল হাসান। বাঁহাতি স্পিনারের দ্বিতীয় বলেই চার মেরেছিলেন ম্যাকোনি। চতুর্থ বলে লং অনের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন তিনি। তবে ডাউন দ্য উইকেটে এসে খেলার চেষ্টায় মিড অে ন মুশফিক হাসানের হাতে ক্যাচ দিয়েছেন।

লম্বা সময় উইকেটে টিকে থাকলেও ৯৫ বলে ৩৩ রান করেছেন। তিনে নামা ক্যাম্পবেল শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করেছেন। সময় যত বেড়েছে তত দ্রুত রান তুলেছেন তিনি। দারুণ ব্যাটিংয়ে ৪৩ বলে হাফ সেঞ্চুরি করেন ক্যাম্পবেল। পঞ্চাশ ছোঁয়ার পর আরও আক্রমণাত্বক হয়ে উঠেন জিম্বাবুয়ের এই ব্যাটার। শেষ বিকেলে এসে ডিওন মেয়ার্সের উইকেট হারায় সফরকারীরা।

নাঈম আহমেদের অফ স্টাম্পের বাইরের বলে ব্যাকফুটে গিয়ে খেলার চেষ্টায় আউট সাইড এজ হয়ে স্লিপে থাকা ইফতেখার হোসেন ইফতির হাতে ক্যাচ দিয়েছেন। ২০ বলে ১৭ রান করেছেন মেয়ার্স। আলোকস্বল্পতার কারণে বিকেল ৫ টা ২০ মিনিটের পর খেলা হয়নি। ৯১ রান নিয়ে দ্বিতীয় দিন সকালে সেঞ্চুরি করতে নামবেন ক্যাম্পবেল। বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে একটি করে উইকেট নিয়েছেন আনামুল, নাঈম ও আশরাফুল।