‘অভিষেক’ হাফ সেঞ্চুরিতে ৩৬ ধাপ এগোলেন জুয়াইরিয়া

আইসিসি র‍্যাঙ্কিং
আইসিসি
আইসিসি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিষেকেই ব্যাট হাতে বাজিমাৎ করেছেন জুয়াইরিয়া ফেরদৌস। ঝড়ো ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি করে বাংলাদেশের জয়ের নায়ক বনে গেছেন ডানহাতি এই ওপেনার। এমন পারফর‌ম্যান্সে আইসিসির নারী টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন জুয়াইরিয়া।

সবশেষ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্ব দিয়ে জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছেন জুয়াইরিয়া। বিশ্বকাপ শুরুর আগে নিগার সুলতানা জ্যোতি ডানহাতি ব্যাটারকে নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়েছিলেন। যেখানে বলার চেষ্টা করেছিলেন, জুয়াইরিয়া তাদের জন্য তুরুপের তাস হতে পারেন। বিশ্বকাপের প্রথম ম্যাচেই সেটার ছাপ রেখেছেন তিনি।

নেদারল্যান্ডসের বিপক্ষে ১৪০ রান তাড়ায় ৩২ বলে হাফ সেঞ্চুরি করেন জুয়াইরিয়া। যদিও পঞ্চাশ ছোঁয়ার পরের বলেই ফিরতে হয় তাকে। ৭ চার ও দুই ছক্কার ইনিংসে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তিনি। এমন পারফরম্যান্সে আইসিসি নারী টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়েছেন জুয়াইরিয়া। নামিবিয়ার ইয়াসমিন খানের সঙ্গে যৌথভাবে ৯৭ নম্বরে আছেন ডানহাতি ওপেনার।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে এগিয়েছেন শারমিন আক্তার সুপ্তাও। জুয়াইরিয়া, জ্যোতি ও সোবহানা মোস্তারি ফেরার পর বাংলাদেশের হাল ধরেন তিনি। ৩২ বলে ৩৭ রান করে বাংলাদেশের জয় নিশ্চিত করেছেন। এমন ব্যাটিংয়ে ৭ ধাপ এগিয়ে ৪১ নম্বরে উঠে এসেছেন সুপ্তা। ১৭ বলে ১৮ রান করা স্বর্ণা আক্তার এক ধাপ এগিয়েছেন। তবে পিছিয়ে গেছেন জ্যোতি, সোবহানা ও দিলারা আক্তার।

বোলারদের মধ্যে প্রথম ম্যাচেই ৩১ রানে ২ উইকেট নিয়েছেন মারুফা আক্তার। দুর্দান্ত বোলিংয়ে ৭ ধাপ এগিয়েছেন ডানহাতি এই পেসার। মারুফা বর্তমানে আছেন ৫৭ নম্বরে। এক ধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠে এসেছেন রাবেয়া খান। বাংলাদেশের বোলারদের মধ্যে তিনিই সবার উপরে। রিতু মনির উন্নতি হলেও অবনতি হয়েছে সানজিদা আক্তার মেঘলা ও নাহিদা আক্তারের।

আরো পড়ুন: