৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার বাংলাদেশের হয়ে ৮৭টি টি-টোয়েন্টি ম্যাচে ১ হাজার ৪৬২ রান করেছেন। বুধবার চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ। এর আগে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ দল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে অধিনায়ক লিটন কুমার দাসের কাফ মাসলের চোট পুরোপুরি সেরে ওঠেনি। ফলে প্রথম ম্যাচে তার খেলা নিয়ে সংশয় রয়েছে। এছাড়া দলের আরও কয়েকজন ক্রিকেটার অসুস্থতায় ভুগছেন।
এমন পরিস্থিতিতে স্কোয়াডে একজন অতিরিক্ত সদস্য হিসেবে যোগ করা হয়েছে সৌম্যকে। দলে ফিরলেও সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে সৌম্যের পারফরম্যান্স খুব একটা আশাব্যঞ্জক নয়। বাংলাদেশের হয়ে এই সংস্করণে তিনি সবশেষ খেলেছেন ২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে।
জাতীয় দলের জার্সিতে সর্বশেষ ৩০ টি-টোয়েন্টি ইনিংসে তার কোনো ফিফটি নেই। যদিও শেষ ১০ ইনিংসের মধ্যে তিনবার ৪০ রানের ঘর স্পর্শ করেছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেটেও সাম্প্রতিক সময়ে খুব বেশি ছাপ রাখতে পারেননি বাঁহাতি এই ব্যাটার।
বাংলাদেশ দল:
লিটন কুমার দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, শামীম হোসেন, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন ও সৌম্য সরকার।