বাংলাদেশ যথেষ্ট ‘সাহসী’ হলে ২৬০ রানের লক্ষ্য দেবে: সালমান

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
সালমান আলী আঘা, ক্রিকফ্রেঞ্জি
সালমান আলী আঘা, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বৃষ্টির বাগড়ার কারণে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে মোটে খেলা হয়েছে ৪৮.৪ ওভার। দ্বিতীয় সেশনের পুরোটাই ভেসে গেছে বৃষ্টিতে। শেষ বিকেলে আলোক স্বল্পতার কারণে খেলা হয়নি পূর্ণ ওভার। ফলে দুই দলের সামনেই এখন শেষ দিনের চ্যালেঞ্জ।

চতুর্থ দিনে বিনা উইকেটে ৭ রান নিয়ে দিন শুরু করেছিল বাংলাদেশ। চতুর্থ দিন শেষ করেছে টাইগাররা ৩ উইকেটে ১৫২ নিয়ে। দুই ইনিংস মিলিয়ে এগিয়ে নাজমুল হোসেন শান্তর দল ১৭৯ রানে। বাংলাদেশ পাকিস্তানকে কত লক্ষ্য দেবে তার নির্ভর করছে পঞ্চম দিনের প্রথম সেশনের ওপর।

যদিও পাকিস্তান দলের ব্যাটার সালমান আলী আঘা মনে করেন বাংলাদেশ পাকিস্তানকে সহজ কোনো লক্ষ্য দিয়ে ছেড়ে দেবে না। তিনি জানিয়েছেন ৭০ ওভারে ২৬০ রান লক্ষ্য দিলেও পাকিস্তান জয়ের জন্য খেলবে। তবে বাংলাদেশ এমন সাহস দেখাবেনা বলেও ধারণা সালমানের।

তিনি চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বলেন, 'অবশ্যই আমরা জয়ের জন্য খেলব। যদি ওরা যথেষ্ট সাহস করে আমাদের ৭০ ওভারে ২৬০ রানের লক্ষ্য দেয়, আমরা অবশ্যই সেটা তাড়া করতে নামব। তবে আমার মনে হয় না ওরা এমনটা করবে।'

দুই সেশনে পাকিস্তান ২৫০ রানও তাড়া করতে যাবে। যদি পিচ খুব বেশি কঠিন আচরণ না করে। তিনি বলেন, 'যদি ওরা আমাদের দুই সেশন সময় দেয় এবং ২৫০ রানের মতো লক্ষ্য দেয়, তবে আমরা অবশ্যই প্রথমে জয়ের জন্য যাব। তারপর দেখব পিচ কেমন আচরণ করছে। তবে এই মুহূর্তে আমরা ম্যাচটি জিততেই চাই।'

এমন অবস্থায় বাংলাদেশের উচিত পাকিস্তানকে ম্যাচ থেকে ছিটকে দেয়া। তবে সালমানের চাওয়া বাংলাদেশ ২৬০-২৭০ রানের লক্ষ্য ছুড়ে দিক। তাহলে পাকিস্তানও শেষ পর্যন্ত ম্যাচে থাকবে বলে বিশ্বাস পাকিস্তানি এই ব্যাটারের।

সালমানের ভাষ্য, 'আমি বলছি না যে তারা যথেষ্ট সাহসী নয় বা এই জাতীয় কিছু, তবে আমি শুধু বলছি যে তাদের জন্য সবচেয়ে ভালো উপায় হলো আমাদের গেম থেকে ছিটকে দেয়া এবং তারপর আমাদের লক্ষ্য দেয়া। কিন্তু তারা যদি ৭০ ওভার খেলে আমাদের ২৬০ বা ২৭০ রানের টার্গেট দেয়, তবে আমরাও ম্যাচে টিকে থাকব। আমি ব্যক্তিগতভাবে চাই তারা সেটাই করুক।'

আরো পড়ুন: