শক্তিশালী স্কোয়াড নিয়ে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
অস্ট্রেলিয়া দল, ফাইল ফটো
অস্ট্রেলিয়া দল, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। প্রত্যাশামতোই অভিজ্ঞ পেস ত্রয়ী প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডকে রাখা হয়নি এই সফরে। তাদের অনুপস্থিতিতে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। ওয়ানডে দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন পেস অলরাউন্ডার লিয়াম স্কট, আর টি-টোয়েন্টি দলে জায়গা হয়েছে বাঁহাতি স্পিনার জোয়েল ডেভিসের।

চোট না থাকলেও টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টইনিসের। ফলে ধারণা করা হচ্ছে, নির্বাচকেরা পরিকল্পনার অংশ হিসেবেই দুই অভিজ্ঞ অলরাউন্ডারকে বাইরে রেখেছেন। ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেয়ার পর এবার সংক্ষিপ্ত সংস্করণেও অনিশ্চয়তায় পড়লেন তারা।

স্টিভেন স্মিথকেও রাখা হয়নি টি-টোয়েন্টি দলে। গত বিশ্ব আসরে বদলি হিসেবে দলে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি তিনি। ওয়ানডে থেকে বিদায় নেওয়ার পর টি-টোয়েন্টি দলেও জায়গা হারানোয় অভিজ্ঞ এই ব্যাটারের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।

বাংলাদেশ সফরের আগে মাসের শেষ দিকে পাকিস্তানে ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেই সিরিজেও থাকছেন না কামিন্স, স্টার্ক ও হ্যাজেলউড। নেতৃত্বে থাকছেন মার্শই। পাকিস্তান সফরের দলে নতুন মুখ তরুণ ব্যাটার অলিভার পিক।

আইপিএলের প্লে-অফে দল টিকে নেই বলে ক্যামেরন গ্রিন ও জশ ইংলিসকে পাওয়া যাচ্ছে দুই সফরেই। অন্যদিকে ট্রাভিস হেড, কুপার কনোলি, বেন ডোয়ারশুইস ও জ্যাভিয়ার বার্টলেট পাকিস্তান সফরে না থাকলেও বাংলাদেশ সফরে যোগ দিচ্ছেন।

ডোয়ারশুইস থাকছেন শুধু ওয়ানডে সিরিজে, টি-টোয়েন্টিতে তার জায়গায় এসেছেন বাঁহাতি পেসার স্পেন্সার জনসন। পাকিস্তান সুপার লিগে ভালো করার পুরস্কার হিসেবে টি-টোয়েন্টি দলে ফিরেছেন অ্যারন হার্ডি।

পাকিস্তানে ওয়ানডে সিরিজের ম্যাচ হবে ৩০ মে, ২ জুন ও ৪ জুন। এরপর বাংলাদেশে মিরপুরে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ ৯, ১১ ও ১৪ জুন, আর চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে ১৭, ১৯ ও ২১ জুন।

পাকিস্তানে ওয়ানডে সিরিজের অস্ট্রেলিয়া দল: মিচেল মার্শ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, ম্যাথু কুহনেমান, মার্নাস লাবুশেন, রাইলি মেরেডিথ, অলিভার পিক, ম্যাট রেনশ, তানভির স্যাঙ্ঘা, লিয়াম স্কট, ম্যাথু শর্ট, বিলি স্ট্যানলেক, অ্যাডাম জাম্পা।

বাংলাদেশে ওয়ানডে সিরিজের অস্ট্রেলিয়া দল: মিচেল মার্শ (অধিনায়ক), জ্যাভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুহনেমান, মার্নাস লাবুশেন, ম্যাট রেনশ, তানভির সাঙ্ঘা, লিয়াম স্কট, অ্যাডাম জাম্পা।

বাংলাদেশে টি-টোয়েন্টি সিরিজের অস্ট্রেলিয়া দল: মিচেল মার্শ (অধিনায়ক), জ্যাভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুহনেমান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাট রেনশ, অ্যাডাম জাম্পা।

আরো পড়ুন: