২৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ভারতের সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের ব্যবধান কমেছে মাত্র এক পয়েন্ট। ইংল্যান্ডের পয়েন্ট ২৬২। তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া ২৫৮ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের কাছাকাছি অবস্থানে রয়েছে। আহমেদাবাদে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে ভারতের রেকর্ড তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়েছে ভারত।
গত দুই বছরেই টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের আধিপত্য বিস্তার করেছে ভারত। ফলে তাদের র্যাঙ্কিংয়ের অবস্থান অবাস্তব মনে হওয়ার কোনো কারণ নেই। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর থেকে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত আন্তর্জাতিক সব সিরিজে অপরাজিত ছিল ভারত।
আইসিসি র্যাঙ্কিংয়ের সেরা সাতে কোনো পরিবর্তন আসেনি। ২৪৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে নিউজিল্যান্ড। ২৪৪ পয়েন্ট নিয়ে পাঁচে সাউথ আফ্রিকা। আর ২৪০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে পাকিস্তান। ২৩৩ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ আছে সাত নম্বরে। শ্রীলঙ্কা ৬ পয়েন্ট হারিয়ে ৯ নম্বরে নেমে গেছে। ২২৫ পয়েন্ট নিয়ে তাতেই ৮ নম্বরে উঠে গেছে বাংলাদেশ। বাংলাদেশের এক পয়েন্ট বেড়েছে বার্ষিক হালনাগাদে।
আফগানিস্তান ২২০ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কার ঠিক এক পয়েন্ট পেছনে থেকে দশম স্থানে আছে। জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড যথাক্রমে একাদশ ও দ্বাদশ স্থানে অপরিবর্তিত রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ছয় পয়েন্ট বাড়িয়ে দুই ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠেছে। তারা নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডকে পেছনে ফেলেছে, যারা এখন যথাক্রমে ১৪তম ও ১৫তম স্থানে রয়েছে।