বিসিবি নির্বাচন আরও স্বচ্ছভাবে হতে পারতো: আমজাদ

বিসিবি নির্বাচন
গণমাধ্যমে কথা বলছেন আমজাদ হোসেন, ক্রিকফ্রেঞ্জি
গণমাধ্যমে কথা বলছেন আমজাদ হোসেন, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচন ঘিরে নানা প্রশ্ন ও বিতর্ক এখনও আলোচনায় রয়েছে। নির্বাচনে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে গত অক্টোবর থেকেই ঢাকার শীর্ষ ক্লাবগুলো লিগ বয়কট করে আসছে। ক্লাব ও বিভাগীয় কাউন্সিলরদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

এই পরিস্থিতির মধ্যেই বিসিবির সদ্য সাবেক পরিচালক আমজাদ হোসেনের পদত্যাগ নতুন করে আলোচনা তৈরি করেছে। গত রবিবার তাকে মিডিয়া কমিটির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেয়া হয়। এরপর তিনি পরিচালকের পদ থেকেও সরে দাঁড়ান। সোমবার (২৩ মার্চ) রাতে নিজের পদত্যাগের বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি।

বিসিবির সর্বশেষ নির্বাচন প্রসঙ্গে আমজাদ হোসেন বলেন, 'হয়তো অংশগ্রহণের দিক থেকে চিন্তা করলে নির্বাচনটি আরও স্বচ্ছভাবে হতে পারতো। তবে সব নির্বাচন নিয়েই পক্ষ-বিপক্ষ বা বিতর্ক থাকে। এটি একটি চলমান প্রক্রিয়া।'

বোর্ড পরিচালনায় কিছু ব্যক্তির একাধিপত্যের অভিযোগ নিয়ে প্রশ্ন উঠলেও, এ বিষয়ে ভিন্ন অভিজ্ঞতার কথা জানান তিনি। তার ভাষায়, 'এ ধরনের কোনো অভিজ্ঞতা আমার হয়নি।'

এদিকে জাতীয় ক্রীড়া পরিষদের চলমান তদন্ত এবং এর বিপরীতে বিসিবির কঠোর অবস্থান নিয়েও স্পষ্ট মন্তব্য করেননি আমজাদ। তিনি বলেন, 'মিডিয়া বিভাগ কেবল বোর্ডের সিদ্ধান্তগুলো গণমাধ্যমে পৌঁছে দেয়, সব সিদ্ধান্ত মিডিয়া বিভাগ নিজে নেয় না।'

পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, কোনো চাপের কারণে নয়, বরং ব্যক্তিগত সিদ্ধান্ত থেকেই সরে দাঁড়িয়েছেন, 'বিসিবিতে কাজ করা আমার জন্য সম্মানের ছিল।'

বিসিবির প্রতি কোনো ক্ষোভ নেই বলেও জানান আমজাদ হোসেন, 'আমি চাই বোর্ড যেন ভালো কাজ অব্যাহত রাখে। আপনারা বোর্ডের সমালোচনা যেমন করবেন, তেমনি ভালো কাজগুলোও তুলে ধরবেন।'

আরো পড়ুন: