ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে সোবহানা, ২০৬ ধাপ এগোলেন মারুফা

আইসিসি র‍্যাঙ্কিং
সোবহানা মোস্তারি ও মারুফা আক্তার, ফাইল ফটো
সোবহানা মোস্তারি ও মারুফা আক্তার, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সরাসরি প্রতিফলন দেখা গেছে বাংলাদেশের ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ে। ব্যাটারদের তালিকায় ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন সোবহানা মোস্তারি। আর বোলারদের মধ্যে বিশাল লাফ (২০৬ ধাপ) দিয়েছেন পেসার মারুফা আক্তার।

আজ আইসিসি মেয়েদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে। সেখানে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় এগিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা ও দিলারা আক্তার। বোলারদের তালিকায় মারুফার পাশাপাশি উন্নতি হয়েছে নাহিদা আক্তার ও স্বর্ণা আক্তারেরও।

বাছাইপর্বে সাত ম্যাচের সবকটিতেই জিতে মূল টুর্নামেন্টে জায়গা করে নেয় বাংলাদেশ। এই সাফল্যের পথে বড় অবদান ছিল সোবহানার। সাত ইনিংসে তিনি করেন ২৬২ রান, যা এক সিরিজ বা টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ।

গত সপ্তাহে তিন ম্যাচে ধারাবাহিক পারফরম্যান্স দেখান সোবহানা। থাইল্যান্ডের বিপক্ষে করেন ৫৯ রান, স্কটল্যান্ডের বিপক্ষে ৪৭ এবং নেদারল্যান্ডসের বিপক্ষে অপরাজিত ৩৩ রান। এই পারফরম্যান্সে তিনি ১৬ ধাপ এগিয়ে এখন টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ৩৬তম। আগে তার সেরা অবস্থান ছিল ৫২।

অধিনায়ক নিগার সুলতানাও র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন। সবশেষ দুই ম্যাচে অপরাজিত হাফ সেঞ্চুরি হাঁকান তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে ৫৬ ও নেদারল্যান্ডসের বিপক্ষে ৫০ রান আসে তার ব্যাটে। তিন ধাপ এগিয়ে নিগার এখন ১৯তম স্থানে, যা বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। স্কটল্যান্ড ম্যাচে ৩৯ রান করা দিলারা আক্তার পাঁচ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৬৫ নম্বরে।

বোলারদের তালিকায় উন্নতির দিক থেকে আলোচনায় মারুফা আক্তার। থাইল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে তিনটি করে উইকেট নেয়ার পর নেদারল্যান্ডসের বিপক্ষে যোগ করেন আরেকটি। এতে ২০৬ ধাপ লাফ দিয়ে তিনি যৌথভাবে ৯২তম স্থানে উঠে এসেছেন।

নেদারল্যান্ডসের বিপক্ষে ১০ রান দিয়ে ৩ উইকেট নেওয়া নাহিদা আক্তার আট ধাপ এগিয়ে এখন ২৮তম, বাংলাদেশের বোলারদের মধ্যে তার উপরে আছেন কেবল রাবেয়া খান। সবশেষ তিন ম্যাচে পাঁচ উইকেট নেয়া লেগ স্পিনার স্বর্ণা আক্তার বোলারদের তালিকায় ৪৩ ধাপ এগিয়ে ৭৪তম স্থানে উঠেছেন।

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়েও ১৭ ধাপ উন্নতি করে তিনি এখন ২৭তম, বাংলাদেশিদের মধ্যে সবার উপরে। ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি, আর বোলার ও অলরাউন্ডারদের তালিকার চূড়ায় যথাক্রমে অ্যানাবেল সাদারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।

আরো পড়ুন: