অদম্য টি-টোয়েন্টি বাংলাদেশ কাপে সৌম্য-নাইম কেন নেই?

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলায় ফাঁকা সময় ক্রিকেটারদের মাঠে রাখতে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দল ও জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে তিন দলের স্কোয়াড ঘোষণা করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে বাংলাদেশের নতুন টুর্নামেন্টের তিন দলের স্কোয়াডে নেই নাইম শেখ। ব্যক্তিগত কারণে ছুটি নেয়ায় বাঁহাতি ওপেনারকে স্কোয়াডে রাখেনি বিসিবি। বিশ্বস্ত একটি সূত্র বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরে সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন নাইম। নিলাম থেকে ১ কোটি ১০ লাখ টাকায় বাঁহাতি ওপেনারকে কিনে নিয়েছিল চট্টগ্রাম রয়্যালস। যদিও ব্যাট হাতে নিজের প্রত্যাশা মেটাতে পারেননি তিনি। ১২১.৯৭ স্ট্রাইক রেটে ১২ ম্যাচে ২৭২ রান করেছেন। পুরো টুর্নামেন্টে দুইটি হাফ সেঞ্চুরিও করেছেন নাইম।

বিপিএলে সেরা দশ ব্যাটারের তালিকায় ছয়ে থাকলেও বিসিবির নতুন টুর্নামেন্টে খেলছেন না তিনি। ওমরাহর জন্য ছুটি নেয়ায় তাকে রাখেনি বিসিবি। ব্যক্তিগত কারণে ছুটিতে থাকায় অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে খেলা হচ্ছে না সৌম্য সরকারেরও। বর্তমানে যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছেন বাঁহাতি এই ওপেনার। টুর্নামেন্টে সুযোগ মেলেনি সাব্বির রহমানের।

কদিন আগে শেষ হওয়া বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে ১০ ম্যাচে ১৩৪ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। যদিও বেশিরভাগ ম্যাচেই খুব বেশি বল খেলার সুযোগ মেলেনি তাঁর। তবে বিপিএলে ধারাবাহিক না হওয়ায় সাব্বিরকে রাখা হয়নি বলে জানা গেছে। বিপিএল শেষ করে স্ত্রী-সন্তানকে নিয়ে বর্তমানে কুয়ালালামপুরে আছেন এক সময় জাতীয় দলে নিয়মিত খেলা সাব্বির।

টুর্নামেন্টে ম্যাচ ফি ও পারিশ্রমিক বাবদ ২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রেখেছে বিসিবি। ধুমকেতু একাদশ, দুর্বার একাদশ এবং দুরন্ত একাদশ নামে তিনটি দল অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে অংশ নেবে। ধুমকেতু একাদশকে নেতৃত্ব দেবেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নেতৃত্ব দেবেন দুর্বার একাদশকে।

এ ছাড়া বাংলাদেশের যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীর নেতৃত্বে খেলবেন দুরন্ত একাদশের ক্রিকেটাররা। কোন দলের কোচিং প্যানেলে কারা থাকবেন সেটাও চূড়ান্ত করেছে বিসিবি। ধুমকেতু একাদশের প্রধান কোচের দায়িত্বে মোহাম্মদ সালাহউদ্দিন। জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। সালাহউদ্দিনের সহকারী হিসেবে থাকছেন মোহাম্মদ আশরাফুল।

তিনিও বাংলাদেশ জাতীয় দলের কোচিং প্যানেলে আছেন। দুর্বার একাদশের প্রধান কোচের দায়িত্ব দেয়া হয়েছে মিজানুর রহমান বাবুলকে। কদিন আগে বিপিএলে বিসিবির মালিকানাধীন চট্টগ্রাম রয়্যালসের প্রধান কোচও ছিলেন তিনি। তাঁর সহকারী হিসেবে দায়িত্ব পেয়েছেন তুষার ইমরান। কদিন আগে বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সকে শিরোপা জিতিয়েছেন হান্নান সরকার। তিনি প্রধান কোচ হিসেবে কাজ করবেন দুরন্ত একাদশের হয়ে।

হান্নানের সহকারী হিসেবে থাকছেন রাজিন সালেহ। ৫ ফেব্রুয়ারি পর্দা উঠবে বিসিবির নতুন টুর্নামেন্টের। ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি হবে গ্রুপ পর্বের ম্যাচগুলো। ফাইনাল হবে ৯ ফেব্রুয়ারি। সবগুলো ম্যাচই হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রত্যেকটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায়। তবে ম্যাচ শুরুর আগে বিকেল ৪টা থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রেখেছে বিসিবি।

দর্শকরা চাইলে টিকিট কেটে খেলা দেখতে পারবেন। টিকিটের মূল্য তালিকাও প্রকাশ করেছে বিসিবি। যেখানে সর্বনিম্ন ১০০ টাকা ও সর্বোচ্চ ১ হাজার টাকায় টিকিট ক্রয় করে খেলা দেখতে পারবেন সমর্থকরা। ইস্টার্ন গ্যালারি ১০০ টাকা, নর্দার্ন এবং সাউদার্ন গ্যালারি ২০০ টাকা, ক্লাব হাউজ ৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলতে দেখতে খরচ হবে ১ হাজার টাকা।

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের তিন দলের স্কোয়াড:

ধুমকেতু একাদশ— লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

দুর্বার একাদশ— হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভির ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, খালেদ আহমেদ এবং আল ফাহাদ।

দুরন্ত একাদশ— জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, আকবর আলী (অধিনায়ক), আজিজুল হাকিম তামিম, রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা এবং ইকবাল হোসেন ইমন।

আরো পড়ুন: